পুবের কলম,ওয়েবডেস্কঃ ইডি ডিরেক্টর হিসেবে সঞ্জয় কুমার  মিশ্রের মেয়াদ তিনবার বৃদ্ধি করা হয়েছে ইতিমধ্যে। সুপ্রিম কোর্ট এই মেয়াদ বৃদ্ধিকে কিছুদিন আগে বেআইনি বলে ঘোষণা দিয়েছিল। তা সত্ত্বেও ফের আরও একবার সঞ্জয় মিশ্রকেই ইডি কর্তা হিসেবে চায় কেন্দ্রের মোদি সরকার।

এই মর্মে বুধবার সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
২০১৮ সাল থেকে ইডি ডিরেক্টর পদে রয়েছেন সঞ্জয়। কেন্দ্রের যুক্তি, সঞ্জয় মিশ্র আর্থিক দুর্নীতিসংক্রান্ত বেশ কিছু মামলার তত্ত্বাবধান করছেন। তাই তাকে এখনই সরানো যাবে না দায়িত্ব থেকে। রাষ্ট্রের গুরুদায়িত্ব পালনের প্রয়োজনেই চতুর্থবারের মতো তার মেয়াদ বাড়ানো হোক।

২০১৮ সালের ১৯ নভেম্বর ইডি ডিরেক্টর হন সঞ্জয় মিশ্র। তার মেয়াদ শেষ হয় ২০২০ সালে। তখন ফের তা বৃদ্ধি করে দেয় মোদি সরকার। পরবর্তীতে ২০২১ ও ২০২২ সালে তার মেয়াদ বৃদ্ধি করা হয় ‘বেআইনি’ভাবে।

সুপ্রিম কোর্ট ১১ জুলাই জানিয়েছিল, ৩১ জুলাই সঞ্জয়ের মেয়াদ শেষ হলে আর তা বৃদ্ধি করা যাবে না। কিন্তু কেন্দ্র তার ‘পছন্দের কাছের লোক’কে  হারাতে চাইছে না বলে মনে করছে ওয়াকিফহাল মহল। তাই ‘রাষ্ট্রীয়’ প্রয়োজনে ফের মেয়াদ বৃদ্ধির আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে হাজির সলিসিটর জেনারেল তুষার মেহতা। বিচারপতি গাভাইয়ের বেঞ্চে এদিন এই আর্জি  পেশ করা হয়।

বৃহস্পতিবার মামলাটির শুনানি করা হবে বলে জানা গিয়েছে। সরকার চাইলে সিবিআই প্রধান ও ইডি ডিরেক্টরের কার্যকালের মেয়াদ তিন বছরের জন্য বৃদ্ধি করতে পারে নয়া নিয়োগসংক্রান্ত বিধি অনুসারে। সংশোধিত বিধির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা প্রমুখ।