পুবের কলম, ওয়েবডেস্ক:  ছত্তিশগড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল শ্রমিক বোঝাই বাস। এই দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গুরুতর আহত আরও ১৪ জন শ্রমিক। মঙ্গলবার রাতের ডিউটিতে যোগ দিতে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দুর্গ জেলার কুমহারি এলাকায়। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, 'ছত্তিশগড়ের দুর্গ জেলায় ঘটা বাস দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনার জেরে যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করি। রাজ্যসরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।' শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ ছত্তিশগড়ের বিষ্ণু দেও সাই। আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, রাত সাড়ে ৮ টা নাগাদ পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

ঘটনার জেরে মৃত্যু হয় ১২ জনের। আহত হয়েছেন ১৪ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের আশংকা বেশ কিছু যাত্রী বাসে আটকে থাকতে পারেন। এখনও উদ্ধারকাজ চালাচ্ছে তারা।

দুর্গের জেলা প্রশাসন জানিয়েছে, ১২ জনকে রায়পুরের এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সকলের শারীরিক অবস্থাই বর্তমানে স্থিতিশীল।