পুবের কলম, ওয়েবডেস্ক: মহিলা কুস্তিগির যৌন নিগ্রহ মামলায় ফের একবার জামিন পেলেন বিতর্কিত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি যৌন হেনস্থার অভিযোগ। যদিও এদিন শর্ত সাপেক্ষ জামিন পেয়েছেন তিনি। বৃহস্পতিবার আদালতে এসেছিলেন ব্রিজভূষণ।
হাসিমুখেই আদালত চত্বর ছাড়তে দেখা যায় তাঁকে। ফেডারেশনের প্রাক্তন সহকারী সচিব বিনোদ তোমরকেও জামিন দিয়েছে দিল্লির  আদালত।

বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত চিফ  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরজিৎ সিং জসপাল ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন। পরবর্তী শুনানি আগামী ২৮ জুলাই।
অনুমতি ছাড়া দেশ ত্যাগ সহ একাধিক শর্ত লাগু করে বিতর্কিত বিজেপি সাংসদকে জামিন দেওয়া হয়। শুনানি চলাকালীন দিল্লি পুলিশের আইনজীবী বলেন, ব্রিজভূষণ এবং তোমরকে জামিন  দেওয়া হলে আদালতকে কঠোর শর্ত আরোপ করতে হবে।  জামিনের বিরোধিতা করছেন কিনা, আদালত জানতে চাইলে তিনি বলেন, আমি বিরোধিতা করছি না, সমর্থনও করছি না।

অভিযোগকারীদের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, আসামি অত্যন্ত প্রভাবশালী। জামিন দেওয়া উচিত নয়। যদি তা মঞ্জুর করা হয় তবে কঠোর শর্ত আরোপ করতে হবে।