পুবের কলম, ওয়েবডেস্ক: বঙ্গ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই শাসক-বিরোধী সংঘাত তুঙ্গে। এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে 'ভোটার আমদানির' গুরুতর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবিরের দাবি, নির্বাচনী বৈতরণী পার হতে গুজরাটের সুরাট থেকে বিশেষ ট্রেনে করে ভোটারদের বাংলায় নিয়ে আসছে বিজেপি। এই মর্মে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠিয়েছেন।
তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন তাঁর চিঠিতে অভিযোগ করেছেন, বিজেপি সরাসরি নির্বাচনী আইন লঙ্ঘন করছে।
তাঁর অভিযোগ, ভারতীয় রেল কেন্দ্রীয় সরকারের অধীনে। কিন্তু রাজনৈতিক স্বার্থে এবং ভোটার পরিবহনের জন্য রেলকে ব্যবহার করা হচ্ছে, যা অনৈতিক। সরকারি কোষাগারের টাকা খরচ করে বিজেপি এই ধরণের পরিবহনের ব্যবস্থা করছে বলে তৃণমূলের দাবি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিজেপি ভোটারদের প্রভাবিত করতে ঘুষ এবং 'দুর্নীতিমূলক পন্থার' আশ্রয় নিচ্ছে।আরও পড়ুন:
অভিযোগের সপক্ষে ডেরেক ও’ব্রায়েন সমাজকর্মী সুধানিধি বন্দ্যোপাধ্যায়ের একটি এক্স পোস্ট এবং ‘ডেকান হেরাল্ড’-এর একটি প্রতিবেদনের লিঙ্ক সংযুক্ত করেছেন।
ওই পোস্টে দেখা গিয়েছে, সুরাট থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ট্রেন বাংলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। অভিযোগ উঠেছে যে, সুরাটের স্থানীয় বাঙালি সংগঠনগুলোর মাধ্যমে বেছে বেছে নির্দিষ্ট শ্রমিকদের এই ট্রেনে তোলা হচ্ছে যাতে তাঁরা বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেন।আরও পড়ুন:
বাংলায় এবার দুই দফায় ভোট হতে চলেছে—২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। এই হাই-ভোল্টেজ নির্বাচনে মূল লড়াই ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে। সাংসদ ডেরেক ও’ব্রায়েনের বক্তব্য, "বিজেপি নিজেদের পদের অপব্যবহার করে সরকারি সম্পদে অ্যাক্সেস পাচ্ছে। ভোটারদের প্রভাবিত করতে এবং নির্বাচনী ফলাফল ঘুরিয়ে দিতে এই ধরণের অগণতান্ত্রিক উপায় অবলম্বন করা হচ্ছে।"