আর্থিক তছরূপ ও অর্থ পাচারের অভিযোগকে ঘিরে কেরালার রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বুধবার পিনারাই বিজয়ন-এর ভাড়া বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একইসঙ্গে কেরালার বিভিন্ন এলাকায় মোট ১০টি জায়গায় অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর Cochin Minerals and Rutile Limited (সিএমআরএল) মামলার তদন্তের অংশ হিসেবেই এই তল্লাশি অভিযান। অভিযোগ, ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে সিএমআরএল অবৈধভাবে প্রায় ১.৭২ কোটি টাকা প্রদান করেছিল Exalogic Solutions-কে, যার মালিকানা রয়েছে পিনারাই বিজয়নের কন্যা বীণা থাইক্কান্দিয়িলের হাতে।

তদন্তকারীদের দাবি, ওই অর্থের বিনিময়ে কোনও পরিষেবা দেওয়া হয়নি।
এই অভিযোগের ভিত্তিতেই ২০২৪ সালে অর্থ পাচার প্রতিরোধ আইন (PMLA)-এর আওতায় মামলা দায়ের করে ইডি। সম্প্রতি সরকারি বাসভবন ছাড়ার পর পিনারাই বিজয়ন তিরুবনন্তপুরমে একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। বুধবার সেই বাড়িতেও তল্লাশি চালানো হয়।
এদিকে, ইডির তদন্ত বাতিলের দাবিতে Cochin Minerals and Rutile Limited কেরালা হাইকোর্টে আবেদন জানিয়েছিল।
তবে আদালত সেই আবেদন খারিজ করে দেয়। তার ঠিক একদিন পরেই রাজ্যজুড়ে ইডির এই অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছে, অর্থ পাচারের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখতে নথিপত্র ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দল বিজয়ন পরিবারের বিরুদ্ধে সন্দেহজনক আর্থিক লেনদেন থেকে লাভবান হওয়ার অভিযোগ তুলেছে।
শুধু ইডি নয়, এই মামলার তদন্ত করছে Serious Fraud Investigation Office (SFIO)-ও।