পুবের কলম প্রতিবেদক: বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ আবদুর রব বিভিন্ন ধরণের শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলনে প্রতিষ্ঠা করেছেন 'নলেজ সিটি'। দক্ষিণ ২৪ পরগনার মোল্লার ঠেসে তাঁর প্রতিষ্ঠিত সেই নলেজ সিটিতে অন্যান্য বছরের মতো এবারও বসেছে পৌষমেলার আসর। বুধবার পৌষমেলার প্রাঙ্গণে টিপু সুলতানকে নিয়ে বিশেষ আলোচনাসভার আয়োজন করেছিল 'বাংলার রেনেসাঁ' পত্রিকা। সেই অনুষ্ঠানে টিপু সুলতানের উপর বাংলার রেনেসাঁর একটি বিশেষ 'ঐতিহ্য সংখ্যা'ও প্রকাশিত হয়।

ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে সবাইকে এগিয়ে আসতে হবে: ইমরান

পত্রিকা প্রকাশ ও আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন পুবের কলম-এর সম্পাদক ও সাবেক সাংসদ আহমদ হাসান ইমরান। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আবদুর রব, মাওলানা তাহেরুল হক, অধ্যাপক সাইফুল্লাহ, কবি শেখ রবিয়েল হক, আবদুল্লাহ সরদার, সাইদুর রহমান লস্কর, মুফতি আতিকুর রহমান, ড. সুজিত, নূর নবী জমাদার, বাংলার রেনেসাঁ পত্রিকার সম্পাদক আজিজুল হক প্রমুখ।

এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আহমদ হাসান ইমরান বলেন, দেশে ক্ষমতার শীর্ষে রয়েছে একটি শক্তি, যারা ভারতের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা ইতিহাসকে বিকৃত করছে। এমন ঘটনা দেশের মিলন-মৈত্রীর পরিবেশকে বিনষ্ট করবে বলে মন্তব্য করেন ইমরান। তারপরই তিনি বলেন, এমন ঘটনা রুখতে সাবাইকে এগিয়ে আসতে হবে।

ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে সবাইকে এগিয়ে আসতে হবে: ইমরান

আহমদ হাসান ইমরান আরও বলেন, ব্রিটিশ শক্তির বিরুদ্ধে টিপু সুলতানের লড়াই ছিল অনন্য। তিনি এক কথা প্রসঙ্গে বলেন, টিপু সুলতানকে হিন্দু বিদ্বেষী বলে প্রচার করা হচ্ছে, আসলে তিনি অন্যায়ের বিরুদ্ধে আপোস করতেন না।

ইমরানের কথায়, অন্যায়-অত্যাচার বন্ধ করতে টিপু সুলতান মারাঠা-বর্গীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। ইমরান ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌল্লার কথাও উল্লেখ করেন। পাশাপাশি তিনি আবদুর রব সাহেবের জীবন-সংগ্রাম ও শিক্ষা বিস্তারের কাজের নানান দিক এ দিন তুলে ধরেন।

অন্যদিকে, নলেজ সিটির প্রতিষ্ঠাতা আবদুর রব পৌষমেলা সম্পর্কে জানান, শান্তিনিকেতনের আদর্শ মেনে আমিও পৌষমেলা চালু করেছি। কবি, সাহিত্যিক, লেখক ও বিশিষ্টরা আসেন। আমাদের ছাত্রছাত্রীরা সবটা দেখভাল করে।

সমস্তরকম অশ্লীলতা বিবর্জিত অনুষ্ঠান করা হয়। তিনি আরও জানান, সম্প্রতি আইন কলেজের পথচলা শুরু হয়েছে, আগামী ২ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।

এছাড়াও এ দিন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক নূর নবী জমাদার। তিনি বলেন, হায়দার আলি ও টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে জীবনের অন্তিমলগ্ন পর্যন্ত লড়াই করেছেন। হিন্দু-মুসলিম সব ধর্মের প্রজার কাছে তিনি সমান জনপ্রিয় ছিলেন। কিন্তু সেই কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। অন্যদিকে, টিপু সুলতানের জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন নদিয়ার বাসিন্দা অধ্যাপক ড. সুজিত। অধ্যাপক সাইফুল্লাহ, শিক্ষক আবদুল্লাহ সরদার, মুফতি আতিকুর রহমান ও অন্যান্যরাও টিপু সুলতানের লড়াই ও সুশাসন নিয়ে আলোকপাত করেন।