পুবের কলম,ওয়েবডেস্ক : ২০ বছরে পা দিতে চলেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। কিন্তু এমন আনন্দঘন মুহূর্তের আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হল সংস্থাটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে। শিশুদের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব সম্পর্কে মার্কিন সিনেটের এক শুনানিতে সবার সামনে ক্ষমা চান তিনি।
আরও পড়ুন:
‘বড় প্রযুক্তি সংস্থা ও অনলাইনে শিশুদের যৌন হয়রানি সংকট’ শীর্ষক এক শুনানির জন্য গত বুধবার ফেসবুক-ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা, টিকটক, এক্সের মতো শীর্ষ সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর প্রধান নির্বাহীদের ডেকেছিল মার্কিন সিনেটের বিচার বিভাগীয় কমিটি। এসময় অনলাইনের বিপদ প্রতিরোধে যথেষ্ট ব্যবস্থা না নেওয়ার জন্য সিনেটরদের তোপের মুখে পড়েন সোশ্যাল মিডিয়া জায়ান্ট সিইওরা।
আরও পড়ুন:
একপর্যায়ে, প্রশ্নবাণে জর্জরিত মার্ক জুকারবার্গকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ক্ষমা চাইতে বলা হয়। শুনানির সময় এ ধরনের ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রিপাবলিকান সিনেটর জোশ হাওলি সোশ্যাল মিডিয়া জায়ান্টদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কি এখন ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাইতে চান, যারা আপনাদের পণ্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে?’ এসময় জুকারবার্গ উঠে দাঁড়ান এবং ভুক্তভোগী পরিবারগুলোর কাছে ক্ষমাপ্রার্থনা করেন। তিনি বলেন, ‘আপনারা যা কিছুর মধ্যে দিয়ে গেছেন, তার জন্য আমি দুঃখিত। আপনাদের পরিবার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা হওয়া উচিত হয়নি।’