পুবের কলম, ওয়েবডেস্ক: তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে জেতাতে 'সদর্থক' ভূমিকা নেননি অপূর্ব সরকার বলে অভিযোগ বিধায়কের। যে কারণেই বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতির নেতৃত্বে কাজ করবেন না বলে সাফ জানিয়েছেন হুমায়ুন কবীর। তিনি বলেন, "অপূর্ব সরকারের নিজের বিধানসভা কেন্দ্র কান্দিতে প্রায় ৬৭ শতাংশ মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের।
উনি নিজের কেন্দ্রে সংখ্যালঘু মানুষের ভোট নিয়ে জয়ী হয়েছেন। অথচ নিজের সম্প্রদায়ের ভোটারদের তৃণমূলের দিকে চালিত করতে পারেন না, তাহলে উনি কিসের নেতা!"আরও পড়ুন:
এরপরই বিস্ফোরক অভিযোগ করে ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, "এই ধরনের নেতাদের নিজেদের পদে থাকার কোনও অধিকার নেই। ওঁর নিজের উচিত পদ ছেড়ে দেওয়া।
অপূর্ব সরকার কোনও বৈঠকে আমি যাব না, তাঁর কোনও মিটিং মিছিলেও অংশগ্রহণ করব না।" হুমায়ুন সাফ জানিয়েছেন, "এখন থেকে আমার নেতা অভিষেক ব্যানার্জি এবং নেত্রী মমতা ব্যানার্জি। তাঁরা দু'জন মুর্শিদাবাদ জেলাতে যেভাবে সংগঠন চালাতে নির্দেশ দেবেন আমি সেভাবে দায়িত্ব পালণ করব।" যদিও নিজের দলের বিধায়কের অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার।