পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির অভিজাত হউজ খাস এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া-এর প্রাক্তন চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ধানেন্দ্র কুমার। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ তাঁর নিজ বাসভবনে একটি এসি বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে ৮০ বছর বয়সী এই প্রাক্তন আমলার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই ঘটনায় তাঁর ছেলেও গুরুতর জেরে আহত হয়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন:
দিল্লি পুলিশ ও দমকল বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে যখন আগুন লাগে, তখন বাড়িতে ধানেন্দ্র কুমার, তাঁর পরিবারের সদস্য এবং পরিচারকসহ মোট ৫ জন উপস্থিত ছিলেন। খবর পেয়েই পুলিশ ও দমকলের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভেতরে আটকে পড়াদের উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। উদ্ধারকারীরা অচৈতন্য অবস্থায় প্রবীণ এই প্রাক্তন আমলাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত ধোঁয়া শ্বাসনালীর মাধ্যমে শরীরে প্রবেশ করার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।আরও পড়ুন:
পুলিশের একটি বিশেষ দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, এর পেছনে কোনও নাশকতামূলক বা সন্দেহজনক কারণ নেই। প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘরের ভেতরের এসি-র ইনডোর ইউনিটে হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। তার পরেই মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন ধরে যায় এবং ঘরগুলি ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণস্থলের যে সমস্ত ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে প্রাক্তন আইএএস অফিসারের বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে।