মহিলাদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। শহর থেকে গ্রাম— রাজ্যের সব মহিলাই এই প্রকল্পের আওতায় আসবেন। স্বল্প দূরত্ব ও দীর্ঘ দূরত্বের সমস্ত সরকারি বাসে মিলবে এই সুবিধা।


এবার এই পরিষেবাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে আনা হচ্ছে বিশেষ ডিজিটাল স্মার্ট কার্ড। পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেক মহিলা যাত্রীর জন্য কিউআর কোড যুক্ত একটি স্মার্ট কার্ড তৈরি করা হবে। ওই কার্ডে উপভোক্তার নাম ও ছবি থাকবে।

এই কার্ডের জন্য আবেদন করতে হবে সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে। পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে আধার কার্ড, ভোটার কার্ড, ১০০ দিনের কাজের জব কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন সংক্রান্ত নথি, সরকারি কর্মীদের পরিচয়পত্র, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইডি-সহ রাজ্য সরকারের অন্যান্য বৈধ নথি।

তবে স্মার্ট কার্ড তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার আগেই পরিষেবা চালু হয়ে যাবে। সেই সময় পর্যন্ত মহিলারা যে কোনও বৈধ ফটো পরিচয়পত্র দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। বাসের কন্ডাক্টর পরিচয় যাচাই করে ‘জিরো ভ্যালু টিকিট’ প্রদান করবেন।

রাজ্য সরকারের দাবি, এই প্রকল্পের ফলে মহিলাদের দৈনন্দিন যাতায়াতে বড়সড় আর্থিক সাশ্রয় হবে। পাশাপাশি কর্মক্ষেত্র, শিক্ষা ও বিভিন্ন প্রয়োজনীয় কাজে যাতায়াতও আরও সহজ হয়ে উঠবে। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের পরিবারের মহিলাদের জন্য এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসন।