খালিদুর রহিমঃ প্রবাদ প্রতীম ফুটবলার গোষ্ঠ পাল জন্মগ্রহণ করেন ২০শে আগস্ট ১৮৯৬ সালে তৎকালীন বাংলাদেশের ফরিদপুরে। বিশিষ্ট ব্যবসায়ী বাবু শ্যামলালের একমাত্র পুত্র কলকাতা শোভাবাজারের কাছে সারদাচরণ এরিয়ান ইনস্টিটিউটে পড়াশোনা করেন। স্কুলটির বাইরে তার ছবি দিয়ে লেখা আছে, ‘গোষ্ঠ পাল প্রাক্তন ছাত্র আমাদের গর্ব।’

ছোট থেকে ফুটবল পাগল গোষ্ঠ পাল ১৯০৭ সালে মাত্র ১১ বছর বয়সে যোগ দেন কলকাতার কুমোরটুলি ক্লাবে। সেখান থেকে ১৯১২ সালে গঙ্গা পাড়ের ঐতিহ্যবাহী মোহন বাগান ক্লাবে যোগ দেন। দীর্ঘ ২৩ বছর এই ক্লাবের হয়ে খেলেন।
এছাড়াও ইস্টবেঙ্গল ক্লাব এবং জাতীয় দলের হয়েও তিনি ফুটবল খেলেন। ১৯৬২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। তিনিই প্রথম ফুটবল,যিনি এই সম্মান পান। ইউরোপিয়ানদের বিরুদ্ধে খালি পায়ে খেলে দুর্ভেদ্য ‘চীনের প্রাচীর’ নামে খ্যাত হন। এই প্রবাদপ্রতিম ফুটবলারের জীবনাবসান হয় ১৯৭৬ সালের ৮এপ্রিল। ইডেন গার্ডেন ও মোহনবাগান মাঠের সামনে দিয়ে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাটি তাঁর নামাঙ্কিত। ময়দানে একটি মূর্তীও রয়েছে তাঁর। ২০০৪ সালে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে মরণোত্তর ‘মোহনবাগান রত্ন’ পুরস্কার দেয়া হয়। মোহনবাগান ক্লাবের ভিতরে তার নামে একটি সংগ্রহশালাও রয়েছে। ফুটবল ছাড়াও টেনিস, হকিতেও তিনি বেশ পারদর্শী ছিলেন। তিনি শুধু সারদাচরণ এরিয়ান ইনস্টিটিউটের নন গোটা ভারতবর্ষের গর্ব।