পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার যুবভারতীতে নাটকীয়তায় ভরা ছিল ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসির মধ্যে ম্যাচটি। এরই মধ্যে বিতর্ক ছড়াল গ্যালারিতে আনা ইস্টবেঙ্গল সমর্থকদের আনা একটি টিফো। যে টিফোয় জামশেদপুর পুলিশের প্রশংসা করা হয়েছে। আর সেই টিফো আনার জন্য লাল-হলুদ সমর্থকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। 

কী ছিল সেই টিফোতে?

এতে সবুজ-মেরুন রঙে লেখা ছিল, ‘ওয়েলডান জামশেদপুর পুলিশ।’ আসছে বছর আবার হবে।’ এই লেখা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রসঙ্গত, গত ৪ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরে খেলতে গিয়েছিল মোহনবাগান। সেখানে মোহনবাগানের কয়েকজন সমর্থককে আক্রমণ করেন বিপক্ষ দলের সমর্থকেরা।
অভিযোগের আঙুল ওঠে জামশেপুর পুলিশের বিরুদ্ধেও। বোঝাই যাচ্ছে, বাগান সমর্থকদের আক্রমণ করার জন্য জামশেদপুর পুলিশের প্রশংসা করে যুবভারতীতে ওই টিফো এনেছেন লাল-হলুদ সমর্থকেরা। 

এই  ঘটনার প্রতিবাদ করে বাগান সভাপতি দেবাশিস দত্ত সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মোহনবাগান ও ইস্টবেঙ্গল, দুটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে বাংলার ফুটবল। আজ কি সেই আবেগ দিগভ্রান্ত? জামশেদপুরে খেলা দেখতে গিয়ে আমাদের সমর্থকেরা আক্রান্ত হলেন।

রক্ত ঝরল। সেই রক্ত কোনও নির্দিষ্ট ক্লাবের নয়। এই রক্ত ছিল একজন বাঙালির। এটা গোটা বাংলার অপমান।’ এরপরে বাগান সভাপতি লেখেন, ‘কলকাতায় ইস্টবেঙ্গল ম্যাচের গ্যালারিতে যখন সেই ঘটনার হোতাদের ধন্যবাদ জানিয়ে ব্যানার ঝোলানো হয়, তখন লজ্জায় মাথা হেঁট হয়ে আসে। এই ভাষা কী শুধু মোহনবাগানকে বিঁধল? না, ওই ভাষা অপমান করল ফুটবলকে। অপমান করল বাংলার চিরকালীন সংহতিকে।’’