পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আবহে বহু চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে 'হাত ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন কমলনাথ'! কিন্তু এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কংগ্রেসের বর্ষীয়ান নেতা কমলনাথ। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় একটি অনুষ্ঠানে সাংবাদিকরা কমলনাথকে জিজ্ঞাসা করেন, বিভিন্ন সংবাদমাধ্যম বলছে তিনি বিজেপিতে যোগদান করছেন? বিজেপিতে যোগদানের সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে কমলনাথকে প্রায় ধমকের সুরে বলতে শোনা যায়, 'আপনারা কি আমার মুখ থেকে বিজেপিতে যোগদানের কথা শুনেছেন? আমি কি এই ধরনের কোনও ইঙ্গিত দিয়েছি?
কিছুই না'। কমলনাথ সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন, 'আপনারাই প্রথমত এই ধরনের খবরগুলি প্রচার করেন। আপনাদের এই ধরনের মিথ্যা খবর প্রচার থেকে বিরত থাকা উচিত।'আরও পড়ুন:
সম্প্রতি প্রায় সব মিডিয়াগুলিই খবরের শিরোনামে রাখে 'কমলনাথের বিজেপি যোগদানের সম্ভাবনার কথা'। এবার এই বিষয় নিয়ে সাংবাদিকদের সামনেই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।
অপরদিকে রাজ্যে বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে কৃষকদের ক্ষতির প্রতিক্রিয়া জানিয়ে কমলনাথ বলেন, তিনি মুখ্যমন্ত্রীর কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করবেন।
আরও পড়ুন:
কমলনাথ রাজ্যের উপর ঋণ নিয়ে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, এই সরকার কেবল ঋণ নিয়ে চলছে। এটা জনগণের টাকা। সেইসঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা সম্পর্কে বলতে গিয়ে কংগ্রেস নেতা বলেন, আলোচনা চলছে, শীঘ্রই প্রার্থী ঘোষণা করা হবে।"
আরও পড়ুন:
উল্লেখ্য, বর্ষীয়ান কংগ্রেস নেতা লোকসভা ভোটের আগে জেলা সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন। পাঁচদিনের এই সফরে কমলনাথ তাঁর বিধানসভা এলাকাগুলি পরিদর্শন করবেন, স্থানীয়দের সঙ্গে কথা বলবেন, সেই সঙ্গে বিভিন্ন কর্মসূচি রয়েছে তাঁর।
আরও পড়ুন: