পুবের কলম, কলকাতা: বৃহস্পতিবার প্রকাশিত হলো ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ বার নতুন সেমেস্টার সিস্টেম এবং পুরোনো বার্ষিক পদ্ধতি মিলিয়ে এক ঐতিহাসিক ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছরের সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। ফলাফলের পরিসংখ্যানে এ বারও ছাত্রদের টেক্কা দিয়ে পাশের হারে এগিয়ে গিয়েছেন ছাত্রীরা।
আরও পড়ুন:
সংসদ সূত্রের খবর, এ বছর মোট ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন।
এর মধ্যে পাশের হারে ছাত্রদের (৮৯.৭১%) তুলনায় ছাত্রীদের (৯২.৪৭%) ফলাফল চোখে পড়ার মতো ভালো। জেলাভিত্তিক সাফল্যের নিরিখে গত কয়েক বছরের মতো এ বারও প্রথম স্থান ধরে রেখেছে পূর্ব মেদিনীপুর (৯৪.১৯%)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে হাওড়া (৯৩.৮৪%) এবং দক্ষিণ ২৪ পরগনা (৯৩.৭১%)।আরও পড়ুন:
এ বছরের মেধাতালিকায় অভাবনীয় ফলাফল লক্ষ্য করা গিয়েছে। মোট ৬৪ জন পরীক্ষার্থী প্রথম দশে স্থান পেয়েছেন।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল ৪৯৬ নম্বর (৯৯.২%) পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন। ৪৯৫ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনজন— পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র ঋতব্রত নাথ ও ঐতিহ্য পাঁচাল। মেধাতালিকায় ছেলেদের সংখ্যা (৫৬ জন) বেশি হলেও সামগ্রিক পাশের হার কিন্তু ছাত্রীদের পক্ষেই কথা বলছে। প্রথম দশে ৮ জন ছাত্রী স্থান পেয়েছেন।আরও পড়ুন:
সংসদ জানিয়েছে, চতুর্থ সেমেস্টারের ফলে যদি কোনো পরীক্ষার্থী সন্তুষ্ট না হন, তবে তিনি পুনরায় পরীক্ষায় বসার সুযোগ পাবেন। সে ক্ষেত্রে তাঁকে চলতি বছরের রেজাল্ট জমা দিয়ে আগামী বছরের পরীক্ষায় বসতে হবে। এদিকে উচ্চ মাধ্যমিকে এই বিপুল সাফল্যের পর কৃতীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী।