পুবের কলম, ওয়েবডেস্ক: আজ ৭৭ তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ফের বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মণিপুরের পাশে আছি। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর দীপ্ত কন্ঠে ঘোষণা, মণিপুরে সহিংসতার ছবি ফুটে উঠেছে। বেশ কিছু প্রাণ হারিয়েছে। আমার মা বোনেদের অসম্মান করা হয়েছে। তবে ধীরে ধীরে সেখানে শান্তি ফিরে আসছে।

মোদি বলেন, মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে কেন্দ্র -রাজ্য একযোগে কাজ করেছে।

মণিপুরে শান্তির মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন বিজেপি সরকারের আমলে দেশে প্রভূত উন্নয়নের দাবি তুলে বলেন, দেশ আজ বিশ্বের কাছে সমাদৃত।  বিজেপি সরকারের সময় কালে দেশবাসীর আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর সরকারের সময়কালে ঘরে ঘরে পানীয় জল পৌঁছেছে। করোনা কালে কেন্দ্র সরকারের মানুষের পাশে দাঁড়িয়েছে। বহু কাজ হয়েছে।

করোনা পরবর্তী সময়ে বিশ্বে বহু বদল এসেছে, বদল এসেছে শক্তির ভারসাম্যতে। সেখানে বিশ্বের স্থিতাবস্থা নিয়ে এসেছে ভারত। দেশকে দুর্নীতি মুক্ত করার ডাক দিয়েছেন। ডাক দিয়েছেন দেশের অখণ্ডতা রক্ষা করার। মোদি বলে, ২০৪৭ সালে ভারত উন্নত দেশে পরিণত হবে।