রাজ্যে প্রথমবার বড় জয়ের পথে বিজেপি, আর সেই উচ্ছ্বাসের আবহেই এক অভিনব উদ্যোগ নিলেন বহরমপুরের সদ্য জয়ী বিধায়ক সুব্রত মৈত্র। রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মী-সমর্থকদের স্মরণে মাথা মুণ্ডন করে গঙ্গায় তর্পণ করলেন তিনি।

মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে জয় পেয়েছেন সুব্রত মৈত্র (কাঞ্চন)। প্রায় ১৭ হাজারেরও বেশি ভোটে জিতে দ্বিতীয়বারের মতো বিধায়ক হয়েছেন তিনি।

এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায় তৃতীয় স্থানে নেমে যান।

ফল প্রকাশের পর থেকেই এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। গেরুয়া আবির খেলা, মিষ্টি বিতরণ—সব মিলিয়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। তবে সেই আনন্দের মধ্যেই নিহত কর্মীদের স্মরণে এক আবেগঘন কর্মসূচি গ্রহণ করেন নবনির্বাচিত বিধায়ক।

মঙ্গলবার সকালে কর্মী-সমর্থকদের নিয়ে শোভাযাত্রা করে তিনি পৌঁছন বহরমপুরের কেএন কলেজঘাটে। হাতে ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটলবিহারী বাজপেয়ী ও নরেন্দ্র মোদির ছবি। কীর্তনের সুরে পথপরিক্রমার পর ঘাটেই সম্পন্ন করেন ক্ষৌরকর্ম।

এরপর ভাগীরথী নদীর তীরে পুরোহিতের নির্দেশ মেনে তর্পণ করেন তিনি।

নিহত বিজেপি কর্মী-সমর্থকদের আত্মার শান্তি কামনাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। বিশেষ করে ২০২১ সালের পরবর্তী রাজনৈতিক হিংসায় নিহতদের স্মরণ করা হয়। সামশেরগঞ্জের হরগোবিন্দ দাস ও চন্দন দাসের নামও উল্লেখ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

শুধু রাজ্যের ঘটনাই নয়, কাশ্মীরের পহেলগাঁও হামলায় নিহত নিরীহ মানুষদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই তর্পণের মাধ্যমে।
সুব্রত মৈত্র জানান, “যারা রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনায় এই উদ্যোগ। এটি আমাদের শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রকাশ।” 

রাজনৈতিক জয়ের আনন্দের মাঝেও এই ধরনের কর্মসূচি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করা হচ্ছে।