গাজা, ১৭ মে: হামাসকে নির্মূলের নামে ইসরাইলি বাহিনী রাফার পাশাপাশি ফিলিস্তিনের উত্তর গাজায় ভয়াবহ হামলা শুরু করেছে। গাজা উপত্যকার উত্তর অংশেও জোরদার হামলা চালাচ্ছে ইহুদি সেনারা। বৃহস্পতিবার থেকে এই অঞ্চলে হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। হামলার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিস্তিনিদের জীবন।

জানা গিয়েছে, ইসরাইলি হামলা থেকে জীবন বাঁচাতে গাজার বহু বাসিন্দা আশ্রয় নেয় রাফায়।

শহরটি হয়ে ওঠে গাজার বাসিন্দাদের লাইফলাইন। কিন্তু সেখানেও ইসরাইলি সেনারা ব্যাপক হামলা শুরু করলে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই যুদ্ধ পরিস্থিতিতে অন্তত সাড়ে ৫ লাখের বেশি উদ্বাস্ত ফিলিস্তিনি রাফাহ শহর ছেড়ে পালিয়ে গিয়েছে। একের পর এক বিস্ফারণের আঘাতে কেঁপে উঠছে গাজা উপত্যকা। এদিকে বিস্ফারণের ফলে নতুন করে প্রাণ হারিয়েছেন বেশকিছু ফিলিস্তিনি নাগরিক।
রাষ্ট্রসংঘ জানিয়েছে, এখন পর্যন্ত রাফার দক্ষিণাঞ্চল থেকে সাড়ে ৫ লাখের বেশি ফিলিস্তিনি পালিয়ে গেছে। আর শহরটির উত্তরাঞ্চল থেকে জীবন বাঁচাতে আরও এক লাখ লোক পালিয়েছেন।

এবার নেতানিয়াহু সরকার রাফার আগ্রাসনের পাশাপাশি উত্তর গাজায় হামলা শুরু করেছে। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা হামাস নির্মূলের জন্য প্রস্তুত। হামাসের সুড়ঙ্গ এবং হামাস যোদ্ধাদের ধ্বংস করতে রাফায় হামলা চালানো হচ্ছে। এরই মধ্যে হামাসের কয়েকটি সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছি।’ তবে এর জবাবে একজন সিনিয়র হামাস নেতা সামি আবু জুহরি বলেন, ‘যে কোনো মূল্যে হামাস ফিলিস্তিনি নাগরিকদের রক্ষা করবে।’