পুবের কলম,ওয়েবডেস্ক: কেন্দ্রের বিরুদ্ধে ফের পথে নেমেছেন কৃষকরা। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবিতে তাঁদের এই আন্দোলন। ১৩ ফেব্রুয়ারি ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
সামনেই লোকসভা ভোট। এবার ৪০০-র বেশি আসনে জেতার দম্ভ দেখাচ্ছে বিজেপি।
তার আগে কৃষকরা এভাবে রণহুংকার দিয়ে ময়দানে নামায় অশনি সংকেত দেখছে বিজেপি। কৃষকরা যাতে দিল্লি পৌঁছাতে না পারেন, তাই তাঁদের আটকাতে সবরকম চেষ্টা করছে গেরুয়া শাসিত রাজ্যগুলির প্রশাসনের কর্মকর্তারা। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, কেরল, কর্নাটক সহ একাধিক রাজ্যের কৃষকরা এই ‘দিল্লি চলো’ অভিযানে শামিল হয়েছেন। তাঁদের আটকাতে দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দিল্লি পুলিশ এই ১৪৪ ধারা জারি করেছে। সেখানে কাউকে জমায়েত করতে দেখলেই আটক করা হচ্ছে। ট্রাক্টর, বাস, ট্রাক প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও কৃষক সংগঠনগুলি জানিয়েছে তারা প্রশাসনের সামনে মাথা নত করবে না। শোনা যাচ্ছে প্রায় ২ হাজার থেকে আড়াই হাজার ট্রাক্টরে করে হাজার হাজার কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা প্রমুখর বাড়ি ঘেরাও করতে পারেন তাঁরা।