পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে অবশেষে সম্মতি দিল ইজরায়েল। বুধবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রসঙ্গত, ট্রাম্পের প্রস্তাবিত এই ‘শান্তি কমিটি’ নিয়ে প্রথমদিকে আপত্তি জানিয়েছিল তেল আভিব। হোয়াইট হাউজ এ বিষয়ে ইজরায়েলের সঙ্গে কোনও আলোচনা করেনি—এমন অভিযোগও তুলেছিল নেতানিয়াহুর দপ্তর। কিন্তু আচমকাই সেই অবস্থানে পরিবর্তন এনে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে প্রস্তুত বলে জানাল ইজরায়েল সরকার।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি ট্রাম্পের চাপেই এই সুর নরম করল নেতানিয়াহু প্রশাসন?

এদিকে ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে অস্বীকার করায় ফ্রান্সের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন ট্রাম্প। ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের এই হুমকিকে কেন্দ্র করে ফ্রান্সের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর ঘনিষ্ঠ মহলে এই সিদ্ধান্ত নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ট্রাম্পের ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবেই গত ১৫ জানুয়ারি গঠিত হয় ‘বোর্ড অব পিস’। যুদ্ধবিধ্বস্ত গাজায় পুনর্গঠন ও প্রশাসনিক কার্যক্রমের তদারকি করাই এই বোর্ডের মূল লক্ষ্য। এই বোর্ডে যোগ দেওয়ার জন্য ভারত-সহ বিশ্বের একাধিক দেশকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে, ‘বোর্ড অব পিস’ মূলত দুই স্তরের কাঠামোয় গঠিত হবে। একটি হবে প্রধান পর্ষদ, যার চেয়ারম্যান থাকবেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। অন্যটি এগজিকিউটিভ বোর্ড, যা পরামর্শদাতা হিসেবে কাজ করবে। ১১ সদস্যের গাজা এগজিকিউটিভ বোর্ডে থাকছেন তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান, মার্কিন পিস কো-অর্ডিনেটর সিগরিড কাগ এবং ইজরায়েলি-সাইপ্রাসিয়ান ধনকুবের ইয়াকির গাবে।