পুবের কলম প্রতিবেদক: সর্বভারতীয় আইটিআই পরীক্ষায় নজরকাড়া সাফল্য বাংলার। সদ্য প্রকাশিত অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পরীক্ষার ফলাফলে বাংলা থেকে উত্তীর্ণ হয়েছে ৮ পড়ুয়া। এদের মধ্যে চারজন ছাত্রী এবং চারজন ছাত্র। এই সাফল্যের কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সর্বভারতীয়স্তরে বাংলার সাফল্যে খুশি হয়ে মঙ্গলবার উত্তীর্ণ পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলার পরীক্ষার্থীরা জাতীয়স্তরের পরীক্ষা ‘অল ইন্ডিয়া ট্রেড টেস্ট’-এ ভাল পারফর্ম করেছে’।

 

সফল পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী এক্স-এ লিখেছেন, ‘চলতি বছরের সর্বভারতীয়স্তরের পরীক্ষায় বিভিন্ন বিভাগ থেকে ৫০জন শীর্ষ স্থানাধিকারীর মধ্যে ৮ জনই বাংলার।

৮জন শীর্ষ স্থানাধিকারীর মধ্যে চারজন ছাত্রী। দেশের সমস্ত প্রধান রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ পাসের হারে সর্বোচ্চ স্থান অর্জন করেছে’। বিগত বছরও নজরকাড়া সাফল্য পেয়েছিল বাংলা। গত বছর অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পরীক্ষায় বাংলার ১০জন শীর্ষস্থান অধিকার করেছিল, সেকথাও মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শীর্ষ স্থানাধিকারীদের সংবর্ধনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।