পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরে হঠাৎ ছন্দপতন। কংগ্রেসে যোগ দিলেন বিজেপির ঝাড়খণ্ডের বিধায়ক জয় প্রকাশ ভাই প্যাটেল। বুধবার ঝাড়খণ্ডের এআইসিসি ইনচার্জ গুলাম আহমদ মীর, ঝাড়খণ্ডের কংগ্রেস প্রধান রাজেশ ঠাকুর, মন্ত্রী আলমগীর আলম, ও দলের মুখপাত্র পবন খেরার উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন তিনি। প্যাটেল হাজারিবাগের মান্ডু বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, এটি হাজারিবাগ লোকসভার অধীনে পড়ে। তার আগে তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক ছিলেন।
আরও পড়ুন:
খুব স্বাভাবিকভাবে ভোটের ঠিক আগেই জয় প্রকাশ ভাই প্যাটেলের বিজেপি ছেড়ে 'হাতের' উপর আস্থা রাখা নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে। প্যাটেলের এই যোগদান ইন্ডিয়া ব্লককে আরও শক্তিশালী করবে বলেই মনে করছে কংগ্রস। কংগ্রেসে যোগ দিয়ে জয় প্রকাশ ভাই প্যাটেল বলেন, তাঁর বাবা টেক লাল মাহাতো ছিলেন প্রাক্তন সাংসদ। বাবা ঝাড়খণ্ডের জন্য যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে চান তিনি। প্যাটেল বলেন, তিনি এনডিএ-তে তার বাবার আদর্শ খুঁজে পাননি, এখন রাজ্যে ভারত ব্লককে শক্তিশালী করার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
প্যাটেলের দাবি, ঝাড়খন্ড রাজ্যের ১৪টি লোকসভা আসনে ভারত ব্লকের বিজয় নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছেন। প্যাটেলের আরও বক্তব্য, কোনও লোভ বা পদের আশায় আমি কংগ্রেসে যোগ দিইনি। আদর্শ ও বাবা ঝাড়খণ্ডের জন্য যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতেই কংগ্রেসে আসা।সূত্রের খবর, আসন্ন ভোটে হাজারিবাগ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হতে পারেন প্যাটেল।
আরও পড়ুন:
ঝাড়খণ্ডের এআইসিসি ইনচার্জ গুলাম আহমদ মীর বলেন, এই যোগদানই বলে দিচ্ছে ঝাড়খণ্ড ও বাংলার বহু নেতাই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন। মীর বলেন, এই নির্বাচনের আবহে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে বহু নেতা নেত্রীরাই কংগ্রেসে আসতে চাইছেন।