পুবের কলম, ওয়েবডেস্ক:  প্রয়াত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর জোশী। শুক্রবার ভোর তিনটে নাগাদ মুম্বইতে জীবনাবসান হয় তাঁর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বিগত বেশ কয়েকদিন ধরেই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী, লোকসভার প্রাক্তন স্পিকার, প্রবীণ শিবসেনা নেতা মনোহর জোশীকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর দেহ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তার মাটুঙ্গার বাড়িতে রাখা হয়।

মনোহর যোশীর মৃত্যুতে শোকজ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এস্ক হ্যান্ডেলে লিখেছেন, 'মনোহর জোশীর মৃত্যুতে আমি শোকাহত। তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ ছিলেন। সারাজীবন জনসেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাজ্যের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। লোকসভার স্পিকার থাকাকালীন তিনি আমাদের সংসদীয় প্রক্রিয়াগুলিকে আরও কার্যকর করার প্রয়াস চালিয়েছেন।

মনোহর যোশীজিকে একজন বিধায়ক হিসাবে তার অধ্যবসায়ের জন্য স্মরণ করি, চারটি বিধানসভায় দায়িত্ব পালন করার সম্মান পেয়েছিলেন। তার পরিবারের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি'।

যোশীর ছেলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'বাবাকে আইসিইউতে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বুধবার তাঁর হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন।

আমরা শিবাজি পার্ক শ্মশানে বাবার শেষকৃত্য সম্পন্ন করব। এর আগে তাঁর মরদেহ মাটুঙ্গায় আমাদের বাড়িতে আনা হবে।'

১৯৩৭ সালে মহারাষ্ট্রের মহাড়ে জন্ম নেন মনোহর জোশী। মুম্বইয়ের কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে স্নাতক হন। প্রথমদিকে আরএসএস-এর সঙ্গে যুক্ত হলেও পরে অবশ্য শিবসেনার হাত ধরে সক্রিয় রাজনীতিতে প্রবেশ। শিবসেনা থেকে প্রথম রাজনীতিবিদ হিসেবে ১৯৯৫ সালে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন। ১৯৯৫ সালের মার্চ থেকে ১৯৯৯ সালের জানুয়ারি পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। বাজপেয়ী জমানায় ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন তিনি।