পুবের কলম প্রতিবেদক: পশ্চিমবঙ্গের সরকারি অনুমোদন প্রাপ্ত ও সাহায্য প্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয় এবং হাই মাদ্রাসা  ও সিনিয়ার মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের আলিম-ফাজিল  পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই।  রাজ্য মাধ্যমিক শিক্ষাপর্ষদ ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের পক্ষ  থেকে জেলায় জেলায় প্রশ্নপত্র পাঠানো  ও তার যথাযথ সংরক্ষণের কাজ শুরু হয়েছে গত সপ্তাহ থেকে। এ  রাজ্যের দশম মানের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২  ফেব্রুয়ারি থেকে। এর একদিন আগেই অর্থাৎ ১ ফেব্রুয়ারি  থেকে শুরু হবে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের পরীক্ষা।

পরীক্ষার সূচী অপরিবর্তিত রেখে সময়টা এগিয়ে আনা  হয়েছে উভয় শিক্ষা পর্ষদের তরফে।

সমস্তরকম কারচুপি  কিংবা অনৈতিক অভিযোগ এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলিতে  সিসি টিভির উপর জোর দিয়েছে রাজ্য মাধ্যমিক শিক্ষা  পর্ষদ।

শিক্ষার্থীদের জীবনের প্রথম এই বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। অযথা আতঙ্কিত কিংবা ভীতির  পরিবেশ যাতে তৈরি না হয় সেজন্য পরীক্ষা ব্যাবস্থার  সাথে যুক্ত সকলকেই উৎসবের পরিবেশ বজায় রাখার  জন্য আবেদন জানিয়েছেন পর্ষদ কর্তারা। মাধ্যমিক ও মাদ্রাসার পরীক্ষার্থীদের এডমিট কার্ড বিতরণ প্রক্রিয়াও  প্রায় শেষের পথে।

উভয় পর্ষদের ছাত্র-ছাত্রীদের আগাম  শুভেচ্ছা জানিয়েছেন, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি সেখ  আবু তাহের কমরুদ্দিন, পর্ষদ সচিব মান্নাফ আলি, মাদ্রাসা  শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন, পর্ষদের সিনিয়ার সদস্য একেএম ফারহার, ডি.এল.এ.সি সদস্য আবু সুফিয়ান পাইক, চম্পক নাগ প্রমুখ।