মোকতার হোসেন মন্ডল : ক্যানিংয়ের তালদি স্টেশনের কাছে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে শেখ জামিলকে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সংখ্যালঘু যুব ফেডারেশন। সংগঠনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান, জমিয়াতুল আইমা অল উলামার সম্পাদক হাফেজ সিদ্দিকুল্লাহ শেখ সহ একাধিক নেতা নিহতের পরিবার-পরিজনের সঙ্গে ঘুটিয়ারিতে সাক্ষাৎ করেন।
এসময় এলাকার মানুষের মুখে অত্যাচার ও হত্যার বিবরণ শুনে কামরুজ্জামান বলেন, “আমরা স্তম্ভিত। দেশে আইনের শাসন দুর্বল হয়ে পড়েছে। অপরাধীরা সংখ্যালঘুদের টার্গেট করে একের পর এক মুসলিম যুবককে হত্যা করছে। কিন্তু বিচার হচ্ছে না, শাস্তি পাচ্ছে না কেউ।”
তিনি অভিযোগ করেন, গেরুয়া রাজনৈতিক দলের আশ্রয়ে থাকা দুষ্কৃতিকারীরা লাগামছাড়া হয়ে পড়েছে। কঠোর ব্যবস্থা না নিলে আগামী দিনে আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটবে। শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বারুইপুর পুলিশ জেলার সুপারিনটেনডেন্টের দপ্তরে ডেপুটেশন দেওয়া হবে বলে ঘোষণা করে সংখ্যালঘু যুব ফেডারেশন।

































