পুবের কলম, ওয়েবডেস্ক: হঠাৎ করেই মার্কিন সফর বাতিল করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতির জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের পর ইসরায়েলি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র সফর করেন নেতানিয়াহু। সোমবার যুক্তরাষ্ট্র তার আগের অবস্থান পরিবর্তন করে ভেটো না দেওয়ায় সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়। তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থান পরিবর্তনে বেশ ক্ষুদ্ধ ইসরাইলের প্রধানমন্ত্রী। এ ঘটনার পর তিনি ওয়াশিংটনে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের পরিকল্পিত সফর বাতিল করেছেন তিনি।

তবে ইসরাইলের এই সিদ্ধান্তে 'খুবই হতাশ' বলে জানিয়েছেন  মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কো-অর্ডিনেটর জন কিরবি।

গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাসের পর সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনে তার দেশের শীর্ষ একটি প্রতিনিধি দলের আনুষ্ঠানিক সফর বাতিল করেছেন। এর আগে সোমবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ইসলামিক পবিত্র মাস রমজানে গাজায় যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাস করে। পবিত্র এই মাসটি মধ্যপ্রাচ্যে গত ১১ মার্চ থেকে শুরু হয়েছে এবং আগামী ৯ এপ্রিল শেষ হতে পারে। কাউন্সিলের ১০ জন নির্বাচিত সদস্যের উপস্থাপিত এই রেজোলিউশনের পক্ষে ১৪টি দেশ ভোট দিয়েছে।

অন্যদিকে সেখানে একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ভোটদান থেকে বিরত ছিল। এছাড়া প্রস্তাবটির বিপক্ষে কোনও যুক্তি উপস্থাপন বা ভেটো ক্ষমতারও প্রয়োগ করেনি পরাশক্তি এই দেশটি। ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার কান মতে,  যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিরুদ্ধে ভেটো ক্ষমতা ব্যবহার করা থেকে বিরত থাকার পর নেতানিয়াহু ওয়াশিংটনে ইসরায়েলি প্রতিনিধি দলের সফর বাতিল করেন।

নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রেজুলেশন পাসের অনুমতি দেওয়ার মার্কিন এই সিদ্ধান্ত ‘যুদ্ধের শুরু থেকে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক অবস্থান থেকে স্পষ্ট পশ্চাদপসরণ।’ ওয়াশিংটন রাষ্ট্রসংঘের প্রস্তাবে ভেটো দিতে ব্যর্থ হলে ইসরায়েলি প্রধানমন্ত্রী এর আগেই প্রতিনিধিদলের সফর বাতিল করার হুমকি দিয়েছিলেন।

গাজায় সম্প্রসারিত মানবিক সহায়তার জন্য মার্কিন প্রস্তাবের পাশাপাশি দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে ইসরায়েলের পরিকল্পিত স্থল হামলার বিষয়ে বিকল্পগুলো শুনতে ইসরায়েলি এই প্রতিনিধিদলের ওয়াশিংটন সফর করার কথা ছিল। গত সপ্তাহে নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ফোনালাপের পর এই সফরের ঘোষণা করা হয়।