পুবের কলম ওয়েব ডেস্কঃ রাত পোহালেই নতুন মাস। জুলাই ২০২৫ শুরু হতেই লাগু হতে চলেছে একাধিক বড় পরিবর্তন । ১ জুলাই ২০২৫ থেকে সারা দেশে এমন কিছু নিয়ম কার্যকর হতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের পকেটে। এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে রেলওয়ে টিকিট বুকিং -এর নিয়ম, এলপিজি সিলিন্ডারের দাম, প্যান কার্ড সংক্রান্ত প্রক্রিয়া, ব্যাঙ্কিং চার্জ -সহ আরও অনেক কিছু। সাধারণত প্রতি মাসের পয়লা তারিখে বাড়ির রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দাম বদল করা হয় ৷ সেই অনুযায়ী, ১ জুলাই এলপিজি গ্যাসের দাম পরিবর্তন করা হতে পারে। এর প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে ৷
এখন যদি আপনি নতুন প্যান কার্ড তৈরি করতে চান, তাহলে ১ জুলাই ২০২৫ থেকে আপনার কাছে আধার কার্ড থাকা বাধ্যতামূলক হবে। আধার ছাড়া নতুন প্যান কার্ড ইস্যু করা হবে না। একই সঙ্গে, যাঁদের প্যান কার্ড এখনও আধারের সঙ্গে লিঙ্ক করা হয়নি, তাঁদের ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে এটি লিঙ্ক করাতে হবে।আরও পড়ুন:
১ জুলাই থেকে রেলওয়ে টিকিট বুকিং ও ভাড়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এসি এবং নন-এসি উভয় শ্রেণির টিকিটের দাম সামান্য বাড়ানো হয়েছে। নন-এসি ক্লাসে ভাড়ার হার প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং এসি ক্লাসে প্রতি কিলোমিটারে ২ পয়সা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন:
এর পাশাপাশি একটি বড় পরিবর্তন হল, এখন থেকে ট্রেনে ওয়েটিং টিকিটের সংখ্যায় সীমা নির্ধারণ করা হয়েছে।
প্রতিটি শ্রেণিতে মোট আসনের ২৫ শতাংশের বেশি ওয়েটিং টিকিট ইস্যু করা হবে না। অর্থাৎ, যদি কোনও কোচে ১০০টি আসন থাকে, তাহলে সর্বোচ্চ ২৫টি ওয়েটিং টিকিটই দেওয়া হবে। তবে মহিলা এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।আরও পড়ুন:
আইআরসিটিসি থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার লিঙ্ক ও ওটিপি বাধ্যতামূলক। ১ জুলাই থেকে শুধুমাত্র সেই যাত্রীরা তৎকাল টিকিট বুক করতে পারবেন, যাঁদের আইআরসিটিসি অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। এছাড়াও, ১৫ জুলাই থেকে টিকিট বুক করার সময় আধার-সংযুক্ত মোবাইল নম্বরে যে ওটিপি আসবে, সেটি প্রদান করা বাধ্যতামূলক হবে।
ওটিপি না দিলে টিকিট বুকিং সম্পন্ন হবে না। সঙ্গে আরও একটি নিয়ম হল, এখন থেকে রেলওয়ে এজেন্টরা তৎকাল বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিট পর্যন্ত কোনও টিকিট বুক করতে পারবেন না।আরও পড়ুন:
পাশাপাশি আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা হবে আরও ব্যয়বহুল আপনি যদি আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলেন, তবে এখন থেকে আরও সতর্ক থাকতে হবে। ১ জুলাই থেকে নির্ধারিত সীমার চেয়ে বেশি বার টাকা তুললে, প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য ২৩ টাকা চার্জ দিতে হবে। তবে স্বস্তির বিষয় হল, নন-মেট্রো শহরগুলিতে মাসে ৫ বার এবং মেট্রো শহরগুলিতে ৩ বার পর্যন্ত টাকা তোলা যাবে বিনা খরচে । এর পরে প্রতিবার টাকা তোলার উপর অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। পাশাপাশি এইচডিএফসি ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্যও জুলাই মাস থেকে নতুন চার্জ প্রযোজ্য হতে চলেছে। যদি আপনি পেটিম বা ফোন পে-এর মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল পরিশোধ করেন, তাহলে এখন থেকে ১ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে। এছাড়াও, যদি আপনি বিদ্যুৎ বা জলবিলের মতো ইউটিলিটি বিল এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে তাতেও আলাদা করে চার্জ নেওয়া হবে।