নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর: জনপ্রিয়তার শীর্ষে থাকাই উদ্দেশ্য মোদির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্রমবর্ধমান জনপ্রিয়তা বাড়ানোর জন্য রেল স্টেশনে বসছে থ্রিডি সেলফি বুথ। যাত্রীরা যাতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সেলফি তোলার সুযোগ পান, সেই লক্ষ্যে দেশজুড়ে রেল স্টেশনগুলিতে সেলফি বুথ বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে 'জনগণের অর্থের বিশাল অপচয়' বলেই অভিহিত করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কটাক্ষ করে তিনি বলেন, 'মোদী সরকারের আত্মনির্ভরশীল প্রচারের কোনও সীমা নেই!

জনগণের অর্থের বিশাল অপচয় এই সিদ্ধান্ত।'

প্রসঙ্গত, এর আগেও দেশের সাহসী সৈন্যদের রক্ত ও আত্মত্যাগকে কাজে লাগিয়ে মোদির ছবিসহ ৮২২টি সেলফি পয়েন্ট বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল সশস্ত্র বাহিনীকে। সেই প্রসঙ্গ টেনে খাড়গে বলেন, "এক কঠিন সময়ের মধ্যদিয়ে চলছে রাজ্যগুলি। খরা এবং বন্যায় বির্পযস্ত রাজ্যগুলিকে ত্রাণ সরবরাহ করেনি কেন্দ্র। অবিজেপি শাসিত রাজ্যগুলির জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের বকেয়া টাকাও আটকে রেখেছে।

এই পরিস্থিতিতে 'সেলফি বুথ' তৈরীর পদক্ষেপ সস্তা নির্বাচনী স্টান্ট।"

আরটিআই-এর একটি উত্তরের অনুলিপি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে কংগ্রেস সভাপতি দাবি করেছেন, সেন্ট্রাল রেলওয়ের অধীনে থাকা স্টেশনগুলির তালিকা তৈরী করা হয়েছে। যেখানে অস্থায়ী এবং স্থায়ী সেলফি বুথ তৈরী করা হবে। আরটিআই-এর তথ্য অনুযায়ী, ক্যাটাগরি 'এ' স্টেশনের জন্য অস্থায়ী সেলফি বুথের জন্য অনুমোদিত খরচ ১.২৫ লক্ষ টাকা এবং ক্যাটাগরি 'সি' স্টেশনগুলির জন্য স্থায়ী সেলফি বুথের খরচ ৬.২৫ লক্ষ টাকা।

জানা গিয়েছে, দিল্লির রেল বোর্ড ১৯টি জোনাল রেলওয়ের জেনারেল ম্যানেজারকে স্টেশনে সেলফি বুথ বসানোর নির্দেশ দিয়েছেন। ফাইবার ভাস্কর্য, এক্রাইলিক বোর্ড, গ্লাস, লাইট এবং প্যারিসের প্লাস্টার উপকরণ দিয়ে সেলফি বুথগুলি তৈরীর নির্দেশ দেওয়া হয়েছে। সেলফি বুথগুলিতে স্কিল ইন্ডিয়া, উজ্জ্বলা যোজনা এবং চন্দ্রযানের মত সফল প্রকল্পগুলিও তুলে ধরা হবে।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে প্রতিরক্ষা মন্ত্রক তার সমস্ত বিভাগকে ৮২২টি সেলফি পয়েন্ট স্থাপনের নির্দেশিকা জারি করেছিল। যেখানে বিভাগের কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রীর ছবি রাখার কথা বলা হয়েছিল। সেলফি পয়েন্ট তৈরীর জন্য যুদ্ধ স্মৃতিসৌধ, জাদুঘর, পাবলিক ট্রানজিট স্টেশন, বিমানবন্দর, বাজার, স্কুল ও কলেজ এবং পর্যটন কেন্দ্রগুলি চিহ্নিত করা হয়েছিল।