পুবের কলম,ওয়েবডেস্ক: উইঘুর পরিস্থিতি খতিয়ে দেখতে  গুরুত্বপূর্ণ চিন সফরে গিয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ২৫ সদস্যের প্রতিনিধিদল।

ওআইসি জানিয়েছে, চিনে উইঘুরদের অবস্থা কেমন তা জিনপিং সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে। এরই পাশাপাশি ওআইসি-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ওআইসি’তে নিযুক্ত জিবুতির দূত দিয়া এদ্দিনে বামাখ্রামা।
তিনি চিনের উপবিদেশমন্ত্রী ডেং লি ও কমিউনিস্ট পার্টির অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে স্বাস্থ্য ও শিক্ষাসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন নেতারা। বিবৃতিতে আরও বলা হয়, ওআইসি’র প্রতিনিধিদলটি চিনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শিনজিয়াং সফরেরও পরিকল্পনা করেছে যেখানে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে।

চিনের বিরুদ্ধে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ আনা হলেও বেজিং এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

শিনজিয়াংকে বিশ্বের কাছ থেকে আড়াল করে রাকতে বিভিন্ন পন্থা নিয়েছে চিন সরকার। এর মধ্যে রয়েছে মানবাধিকার সংস্থাগুলিকে শিনজিয়াংয়ে উইঘুর কারাগারে প্রবেশ করতে না দেওয়া, শিনজিয়াংয়ে উইঘুরদের পক্ষে প্রচার চালানো ব্যক্তি-সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও শিনজিয়াংয়ে চিনের উন্নয়নমূলক দিকগুলোর প্রচার চালানো।

উল্লেখ্য,  ইসলামি সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে ‘ওআইসি’ একটি আন্তর্জাতিক ইসলামি জোট। পূর্বে সংস্থাটির নাম ছিল ইসলামি সম্মেলন সংস্থা। ১৯৬৯ সালে গঠিত সংস্থাটিতে ৫৭টি দেশ রয়েছে।