পুবের কলম,ওয়েবডেস্ক: ফের একবার খবরের শিরোনামে কেজিএফ। না কন্নড় পরিচালক প্রশান্ত নীলের কেজিএফ সিরিজের কথা বলছি না। কথা হচ্ছে, কর্নাটকের কোলারের। সম্প্রতি একটি ঘটনার  দৌলতের ফের একবার খবরের শিরোনামে সংশ্লিষ্ট এলাকা। মাত্র ২৫০ টাকার সাইকেল চুরির অপরাধে ৩৮ বছর পর গ্রেফতার হয়েছে এক ব্যক্তি।
ধৃতের নাম পাশা জন। বয়স ৬২। আন্ডারসনপেট জেলার বাসিন্দা। জানা গেছে, এসটি ব্লকের ‘জন’ নামে  অন্য এক ব্যক্তির ওই সাইকেলটি। ১৯৮৫ সালে সাইকেলটি খোয়া গিয়েছিল বলে খবর।
স্থানীয় থানায় দায়ের হয়েছিল মামলা। চলছিল তল্লাশি। প্রথম থেকেই পাশা জনের ওপর সন্দেহ ছিল পুলিশের। তবে সেই সময় তাঁকে শনাক্ত  করতে পারেননি তদানীন্তন পুলিশ আধিকারিক। সাইকেল চুরির এই মামলা  কোর্ট পর্যন্ত গড়ায়।

অন্যদিকে দীর্ঘদিন আদালতে  হাজিরা না দেওয়ায় পাশার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেন বিচারক। তারপরেও পলাতক ছিল সে।

ঘটনাটি নয়া মোড় নেয় যখন কেজিএফের পুলিশ সুপার কে এম শান্তরাজু সম্প্রতি দীর্ঘ বিচারাধীন মামলায় সমস্ত ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন। তারপরেই পাশা জনের খোঁজ মেলে। তাঁর আঙুলের ছাপ আগে থেকেই পুলিশের কাছে থাকায় এবার পাশাকে ধরা সহজ হয়ে ওঠে। অভিযুক্তকে তোলা হয় জেলা আদালতে। ৩৮ বছর ধরে চলা মামলার পর্যবেক্ষণে পাশা জনের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।