পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত সফরে আসছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। সিংহাসনে বসার পর এই প্রথম ভারত সফর তাঁর। আগামী ১৬ ডিসেম্বর শনিবার ভারতে আসছেন তিনি। এই সফরে সিঙ্গাপুর হয়ে ভারতে আসবেন তিনি। সুলতানের সঙ্গে ভারতে আসছেন তাঁর মন্ত্রিসভার ৯ জন শীর্ষ মন্ত্রী।
রাষ্ট্রপতি ভবনে সুলতানের মর্যাদায় তাঁকে বিশেষ সম্মান জানানো হবে ভারতের তরফে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পর সুলতানের সম্মানে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছ।আরও পড়ুন:
রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত ও ওমানের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সুলতানের এই সফর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। বিদেশ মন্ত্রক সুলতানের ভারত সফরের কথা নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, ওমানের সুলতান হাইথাম বিন তারিকের ভারত সফর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হতে চলেছে।
বিদেশ মন্ত্রক দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘস্থায়ী ইতিহাসের উপর জোর দিয়ে বলেছে, ভারত ও ওমানের বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘকালের ইতিহাস, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তির উপর নির্মিত। শতাব্দী প্রাচীন এই বন্ধন জনগণের মধ্যের এই সম্পর্ককে দৃঢ় করেছে। ভারত এবং ওমানের কৌশলগত অংশীদার এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক কয়েক বছর ধরে বিকাশ লাভ করেছে। ভারত ও ওমান প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক বৃদ্ধির সাক্ষী হয়েছে। এই বছরের শুরুর দিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কৌশলগত সহযোগিতা এবং নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে ওমান সফর করেছিলেন। সেই সফরের সময় দোভাল প্রধানমন্ত্রী মোদির একটি ব্যক্তিগত বার্তা সুলতান হাইথাম বিন তারিককের কাছে পৌঁছে দেন।আরও পড়ুন:
উল্লেখ্য, সুলতান ইরান ছাড়া এখনও পর্যন্ত এশিয়ার অন্য কোথাও ভ্রমণ করেননি। এটি ২৬ বছরে ওমান থেকে প্রথম রাষ্ট্রীয় সফর। সর্বশেষ সুলতান কাবুস ভারতে এসেছিলেন ১৯৯৭ সালে। জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য ওমানকে আমন্ত্রণ জানানো হয়। সভাপতিত্বে অতিথি দেশ হিসাবে সংশ্লিষ্ট বৈঠকে অংশ নিয়েছিল এই দেশ। ভারত ওমানের বৃহত্তম বিনিয়োগকারী দেশ। ২০২২-২৩ সালে বাণিজ্যের পরিমাণ ১২ বিলিয়ন অতিক্রম করেছে।