পুবের কলম, ওয়েবডেস্ক: কবরস্থ করা হল বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে। জানা গেছে, শনিবার বিকাল সোয়া তিনটেয় ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর সমাধির পাশে তাকে দাফন করা হয়।
দাফনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, সহ-উপাচার্য মামুন আহমেদ, দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। দাফনকে কেন্দ্র করে নজরুল ইসলাম সমাধি কমপ্লেক্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কড়া নিরাপত্তার চাদরে ঢাকা হয়; টিএসসি ও কেন্দ্রীয় মসজিদের সামনে ব্যারিকেড দেওয়া হয়।
এর আগে দুপুর আড়াইটায় বাংলাদেশের জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন ওই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সর্বস্তরের মানুষ। শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার দেশটিতে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

































