পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ভারত ভূ-খণ্ডে পাক অনুপ্রবেশকারীর প্রবেশের চেষ্টা রুখে দিল জওয়ানরা। পঞ্জাব সীমান্তে রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ে নিহত পাক অনুপ্রবেশকারীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের গুরুদাসপুর সেক্টরে। ওই অনুপ্রেবশকারী পাল্টা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এর পর জওয়ানরা গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপ্রবেশকারীর। এই নিয়ে গত ১০ দিনে পঞ্জাব সীমান্তে ২ অনুপ্রবেশকারীর ভারতে প্রবেশ আটকাল বিএসএফ।

বিএসএফ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ পঞ্জাবের গুরুদাসপুর সেক্টরের পাকিস্তান চান্না সীমান্ত পার হয়ে ভারত ভূখণ্ডে প্রবেশে চেষ্টা করে এক পাক অনুপ্রবেশকারী।

টহলরত জওয়ানদের নজরে পড়তেই তারা ওই অনুপ্রবেশকারীর পিছু ধাওয়া করেন। তখন ওই অনুপ্রবেশকারী পাল্টা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ। এরপর জওয়ানরা পাল্টা গুলি চালায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই অনুপ্রবেশকারীর। বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, এদিন সকালে গুরুদাসপুর সেক্টরে জওয়ানদের গুলিতে মৃত ওই ব্যক্তি পাক অনুপ্রবেশকারী বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে।
তার দেহের পাশ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি পঞ্জাবের সীমান্তবর্তী ফাজিলকা জেলার গাত্তি আজাইব সিং গ্রামের কাঁটাতার পেরিয়ে কয়েকজন ভারত ভূ-খণ্ডে ঢোকার চেষ্টা করছিল বলে অভিযোগ। বিএসএফ-এর জওয়ানরা দেখা মাত্রই তাদের পিছু ধাওয়া করে। গুলি ছোড়ে তারা। এর পরেই অনুপ্রবেশকারীরা কাঁটাতারের ওপার থেকে কয়েকটি প্যাকেট ছুড়ে দিয়ে পালিয়ে যায়। সেগুলি মাদকের প্যাকেট এবং অনুপ্রবেশকারীরা আদতে মাদক পাচারকারী ছিল বলে বিএসএফ-এর প্রাথমিক অনুমান। পাশাপাশি সোমবারও পঞ্জাবের গুরুদাসপুর সেক্টর থেকে উদ্ধার হয় মাদক বোঝাই একটি ড্রোন।