পুবের কলম, ওয়েবডেস্ক: পোল্যান্ডে চলছে এক উত্তেজনাপূর্ণ ও গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন, যা দেশটির রাজনৈতিক ভবিষ্যতের অভিমুখ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে, পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের মূলধারার সঙ্গে যুক্ত থাকবে, না কি যুক্তরাষ্ট্রঘনিষ্ঠ এক জাতীয়তাবাদী পথে হাঁটবে। এই দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছেন দুই প্রার্থী; ইউরোপপন্থী উদারপন্থী রাফাল ট্রাসকোভস্কি ও জাতীয়তাবাদী ধাঁচের কারোল নাওরকি।

রবিবার ভোটগ্রহণ স্থানীয় সময় রাত ৯টায় শেষ হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল বা দুপুর নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে।

যদিও পোল্যান্ডে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সীমিত, তবে ভেটো দেওয়ার ক্ষমতা থাকায় প্রেসিডেন্টের রাজনৈতিক ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। তাই এই নির্বাচন শুধু পোল্যান্ড নয়, ইউক্রেন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিতেও তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

দুই প্রার্থীই ইউক্রেনকে সামরিক ও কূটনৈতিক সমর্থনের বিষয়ে একমত, এবং প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তাঁদের বৈদেশিক নীতির দর্শন ভিন্ন। রাফাল ট্রাসকোভস্কি মনে করেন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র; দুই দিকেই ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা উচিত।

তিনি ইউক্রেনের ন্যাটোতে যোগদানকেও সমর্থন করছেন, যা পোল্যান্ডের নিরাপত্তার জন্য জরুরি বলে মনে করেন। অন্যদিকে, কারোল নাওরকি সম্প্রতি বলেছেন, তিনি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ অনুমোদন দেবেন না, কারণ এতে ন্যাটো জোট সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে।

ভোটারদের অংশগ্রহণও নজরকাড়া। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর নাগাদ ভোটার উপস্থিতি ছিল ২৪.৮ শতাংশ, যা ২০২০ সালের দ্বিতীয় দফা নির্বাচনের সময়ে প্রায় সমান ছিল। বড় শহরে তরুণ এবং উদারপন্থী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ট্রাসকোভস্কির জন্য আশার আলো হতে পারে।

অন্যদিকে, নাওরকি দক্ষিণ ও পূর্ব পোল্যান্ডের গ্রাম ও ছোট শহরগুলিতে শক্ত ভিত তৈরি করেছেন। এসব অঞ্চল রক্ষণশীল, ধর্মভিত্তিক ও তুলনামূলকভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া; যেখানে তাঁর জাতীয়তাবাদী বার্তা বিশেষভাবে গ্রহণযোগ্য।

সামাজিক ইস্যুতেও রয়েছে তীব্র মতভেদ। ট্রাসকোভস্কি গর্ভপাত আইনের উদারীকরণ এবং এলজিবিটি সম্প্রদায়ের নাগরিক অধিকারকে সমর্থন করেন। নাওরকি স্পষ্টভাবেই বলেছেন, এই ধরনের সংস্কার পোল্যান্ডের ক্যাথলিক মূল্যবোধের পরিপন্থী এবং তিনি এসবের বিরোধিতা করবেন। এই নির্বাচনকে অনেকেই দেখছেন ইউরোপপন্থী উদারপন্থা এবং ট্রাম্পপন্থী জাতীয়তাবাদী রাজনীতির মধ্যকার এক প্রতীকী সংঘর্ষ হিসেবে। নির্বাচনের ফলাফল শুধু পোল্যান্ডের রাজনৈতিক বাস্তবতা নয়, গোটা ইউরোপের ভবিষ্যৎ রাজনৈতিক ভারসাম্যের দিকেও গুরুত্বপূর্ণ সংকেত দিতে পারে।