পুবের কলম, ওয়েবডেস্ক: ভোট মিটলেও অশান্তির আগুন নেভেনি উত্তর ২৪ পরগনায়। এবার উত্তপ্ত হয়ে উঠল বসিরহাটের গোটরা গ্রাম পঞ্চায়েত এলাকা। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে রক্তাক্ত হলো এলাকা। ঘটনায় রোহিত রায় ওরফে চিন্টু নামে এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজীব কলোনি এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত ১০টা নাগাদ বসিরহাটের রাজীব কলোনি এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাঁদের বাধা দেয়। এই নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়, যা মুহূর্তের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। বিজেপির অভিযোগ, সংঘর্ষ চলাকালীন আচমকা তাঁদের কর্মীদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয় বিজেপি কর্মী রোহিত রায় (চিন্টু)।

দুষ্কৃতীদের ছোড়া গুলি সরাসরি তাঁর পেটে লাগে। ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

এই ঘটনায় বিজেপির দাবি, তৃণমূল হার নিশ্চিত জেনে মরিয়া হয়ে এই হামলা চালাচ্ছে। তাদের আশ্রিত দুষ্কৃতীরাই ঠান্ডা মাথায় গুলি চালিয়েছে।

তৃণমূলের পাল্টা দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাঁদের দাবি, এই ঘটনার সাথে তৃণমূলের কোনও যোগ নেই, এটি বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের ফল হতে পারে। এদিকে খবর পাওয়ার পরেই রাজীব কলোনি এলাকায় পৌঁছায় বসিরহাট থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহল শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে এবং কোথা থেকে আগ্নেয়াস্ত্র এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।