উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ ভোট পরবর্তী সময়ে হিংসার ঘটনা উত্তপ্ত হয়ে উঠছে একাধিক এলাকা। এবার ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল। এই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। অভিযোগ, আচমকাই বিজেপি কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়।

ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন বলে দাবি বিজেপির। ভোট পরবর্তী উত্তেজনা থামছেই না এখানে। এমনটাই অভিযোগ স্থানীয়দের একাংশের। 

বিজেপির অভিযোগ, পাথরের আঘাতে জখম হওয়ার পর আক্রান্ত কর্মীদের উপর চড়া ও হয়ে মারধরও করা হয়।

আর এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের ক্যানিং নেতৃত্ব।বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন,রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসা বন্ধের বার্তা দেওয়া হলেও কিছু ক্ষেত্রে অতি উৎসাহীদের ঘিরেই এলাকায় উত্তেজনা তৈরি হচ্ছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।