তিরুবন্তপুরম, ২৭ জানুয়ারি: নিরাপত্তা বাড়ল কেরলের রাজ্যপালের। বাম শাসিত রাজ্যের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাঁকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। নিরাপত্তা বাড়ানো হচ্ছে রাজভবনেও।
রাজ্যপাল তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেরল রাজভবনকে জানিয়েছে, সিআরপিএফের জেড প্লাস নিরাপত্তা দেওয়া হবে রাজ্যপাল এবং রাজভবনে।"আরও পড়ুন:
শনিবার কেরলের কোল্লাম জেলায় এসএফআইয়ের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। তাঁকে ঘিরে কালো পতাকা দেখান বিক্ষোভকারী। এই ঘটনার পরই রাজ্যের বিরুদ্ধে সরব হন তিনি।
মুখ্যমন্ত্রী বিজয়নের বিরুদ্ধে 'রাজ্যে অরাজকতা' চলছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাস্থলে দু'ঘণ্টারও বেশি সময় ধরে আটকে ছিলেন রাজ্যপাল। ঘটনাস্থল থেকে বেরনোর পর ১৭ জন এসএফআই কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। এই ঘটনার পরই রাজ্যপালের নিরাপত্তা বাড়ানোর কথা জানায় কেন্দ্র।