পুবের কলম,ওয়েব ডেস্ক:  তুরস্কের স্থানীয় নির্বাচনে ইস্তাম্বুল এবং আঙ্কারায় জয়ী হওয়ার দাবি করেছে সেদেশের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। এর ফলে গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় পরাজয়ের মুখে এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি)। গত ২০ বছরে একে পার্টির এমন বড় পরাজয় দেখা যায়নি। ৩১ মার্চ ইস্তাম্বুলে ৯৫ শতাংশের বেশি ভোট গণনার পর সিএইচপির মেয়র একরেম ইমামোগ্লু দাবি করেছেন, তিনি ক্ষমতাসীন একে পার্টির প্রার্থীকে ১০ লাখেরও বেশি ভোটে পরাজিত করেছেন।
Advertisement
পরাজয়ের কথা স্বীকার করেছেন এরদোগান। তিনি জানিয়েছেন, তিনি আত্মমূল্যায়ন করবেন এবং যেকোনো ভুল শুধরে নেবেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের ভুল সংশোধন করবো এবং ঘাটতিগুলো পূরণ করবো। রাজধানী আঙ্কারায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বিজয় দাবি করেছেন সিএইচপির মেয়র মনসুর ইয়াভাসও।
Advertisement
নির্বাচনের এই ফলাফলকে ‘শাসকদের জন্য স্পষ্ট বার্তা’ বলে উল্লেখ করেছেন তিনি। তৃতীয় শহর ইজমিরেও এগিয়ে রয়েছে বিরোধী দলটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সব মিলিয়ে তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে ৩৬টিতেই আধিপত্য দেখিয়েছে সিএইচপি। এর মধ্যে একে পার্টির অনেক শক্ত ঘাঁটিও রয়েছে।