পুবের কলম ওয়েব ডেস্ক: দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ভোটের দিন দুপুরে উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, গ্রামবাসীদের মাঝখানে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে ঘিরে মারধর করা হয়। ঘটনাটি ঘটে কুমারগঞ্জ বিধানসভার চালুন গ্রামপঞ্চায়েতের ২৪ নম্বর বানিহারি বুথের সামনে। ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন।
ছবিতে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে প্রধান নির্বাচন আধিকারিকের দফতর।বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের দাবি, ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। সেই খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে ঘিরে ধরে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে এবং পুলিশও বিষয়টি নিয়ে পদক্ষেপ শুরু করেছে। অন্যদিকে, বিজেপি প্রার্থী জানিয়েছেন, তিনি জেলা পুলিশ সুপারের বিরুদ্ধেও নির্বাচন কমিশনের কাছে আলাদা করে অভিযোগ দায়ের করবেন।