নেপালের লুম্বিনি প্রদেশ দেশটির প্রথম প্রদেশ হিসেবে দলিত জনগোষ্ঠীর কল্যাণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ বিল পাস করেছে। এই বিলের মাধ্যমে দলিতদের আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জীবিকা উন্নয়নে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন:
নেপালে দলিত অধিকার রক্ষায় আগে থেকেই জাতীয় আইন থাকলেও, তা মূলত বৈষম্য রোধ ও সমঅধিকার নিশ্চিত করার ওপর জোর দেয়। কিন্তু লুম্বিনি প্রাদেশিক পরিষদে পাস হওয়া নতুন এই বিল দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরাসরি কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্য নিয়েছে।
আরও পড়ুন:
বিলে দলিত পরিবারগুলোর জন্য আবাসনের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।
পাশাপাশি উচ্চশিক্ষায় অধ্যয়নরত দরিদ্র দলিত শিক্ষার্থীদের জন্য হোস্টেল সুবিধা এবং সরকারি, বেসরকারি ও কমিউনিটি স্কুল-কলেজের হোস্টেলগুলোতে অগ্রাধিকার নিশ্চিত করার প্রস্তাব রয়েছে।আরও পড়ুন:
স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত করা হয়েছে। জটিল ও গুরুতর রোগে আক্রান্ত দরিদ্র দলিত নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়া দলিতদের ঐতিহ্যবাহী পেশার উন্নয়ন ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল কেনায় ভর্তুকি, ছাড় এবং সহজ শর্তে ঋণের সুবিধা দেওয়া হবে।
লুম্বিনির সমাজ উন্নয়নমন্ত্রী জন্মজয় তিমিলসিনা প্রাদেশিক পরিষদে বিলটি উপস্থাপন করেন এবং তা সর্বসম্মতভাবে গৃহীত হয়।
আরও পড়ুন:
প্রাদেশিক পরিষদের মুখপাত্র লোকমানি পাণ্ডে জানিয়েছেন, প্রাদেশিক প্রধানের অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হবে।
আরও পড়ুন:
২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, লুম্বিনি প্রদেশের মোট জনসংখ্যার ১৪.৩০ শতাংশ দলিত, যেখানে সারা নেপালে এই হার ১৩.৪৪ শতাংশ। কেন্দ্রীয় সরকারও সম্প্রতি দলিতদের প্রতি অতীতের অবিচারের জন্য দুঃখ প্রকাশ এবং সংস্কারমূলক উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন:
বিশ্লেষকদের মতে, লুম্বিনি প্রদেশের এই উদ্যোগ নেপালে দলিত জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।