পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে প্রথম দফার নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার পৌঁছল ৬২.১৮ শতাংশে। এবার ভোটারদের অংশগ্রহণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বলে জানা যাচ্ছে।

গত লোকসভা নির্বাচন সাত দফায় হয়েছিল। সেই সময় দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন দফায় ভোটের হার ছিল প্রায় ৪৭ থেকে ৫৫ শতাংশের মধ্যে। প্রথম দফায় ৫১ শতাংশ, দ্বিতীয় দফায় ৪৭.৩, তৃতীয় দফায় ৪৯.৩, চতুর্থ দফায় ৫১.৯, পঞ্চম দফায় ৪৮.৪, ষষ্ঠ দফায় ৫৪.৮ এবং সপ্তম দফায় ৪৫.১ শতাংশ ভোট পড়েছিল।

সেই নিরিখে এ বার প্রথম দফায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ার হার অন্তত ৯ থেকে সর্বাধিক ১৫ শতাংশ পর্যন্ত বেশি বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। জেলা ভিত্তিক হিসাবেও বেশ কিছু জায়গায় ভোটদানের হার উল্লেখযোগ্য। ঝাড়গ্রামে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৬৫.৩১ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ৬৫.৭৭ শতাংশ ভোট পড়েছে। বীরভূমে এই হার ৬৩.৯৩ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৬৩.০৫ শতাংশ এবং মুর্শিদাবাদে ৬২.৭১ শতাংশ।

পূর্ব মেদিনীপুরে ভোটদানের হার দাঁড়িয়েছে ৬২.৯০ শতাংশে। বাঁকুড়ায় ৬৪.৫৮ শতাংশ, কোচবিহারে ৬০.৭৫ শতাংশ এবং পশ্চিম বর্ধমানে ৬০.৩৭ শতাংশ ভোট পড়েছে। উত্তর দিনাজপুরে ৬০ শতাংশ এবং আলিপুরদুয়ারে ৬০.০৩ শতাংশ ভোট রেকর্ড হয়েছে। অন্যদিকে, পুরুলিয়ায় ৫৯.৮৩ শতাংশ, দার্জিলিংয়ে ৫৯.৮১ শতাংশ, কালিম্পংয়ে ৫৯.৫২ শতাংশ এবং মালদায় ৫৮.৪৫ শতাংশ ভোট পড়েছে। জলপাইগুড়িতে তুলনামূলক কম, সেখানে ভোটদানের হার ৩৯.৫১ শতাংশ।