পুবের কলম ওয়েব ডেস্কঃ শীর্ষ আদালতের নির্দেশ, ট্রাইবুনালের সিদ্ধান্ত সব কিছু থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ভোট দিতে পারলেন না বিশিষ্ট চিত্রকর নন্দলাল বসু-র নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেন। বৃহস্পতিবার বোলপুরের একটি ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়তে হয় ওই প্রবীণ দম্পতিকে।

প্রাথমিকভাবে জানা যায়, বুথে পৌঁছনোর পর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাঁদের জানান, ভোটার তালিকায় দু’জনের নাম নেই। তখন তাঁরা শীর্ষ আদালতের নির্দেশের নথি দেখান। কিন্তু সেই নথির মুদ্রিত কপি জমা দিতে বলা হয়।

প্রয়োজনীয় কাগজ জমা দেওয়ার পরও শেষ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তাঁরা। অভিযোগ, তাঁদের জানানো হয় সিউড়ির জেলাশাসকের দফতর থেকে লিখিত অনুমতি আনতে হবে। বয়সজনিত কারণে আর সেই ধকল নিতে চাননি সুপ্রবুদ্ধ ও দীপা। ফলে ভোট না দিয়েই ফিরে যেতে বাধ্য হন তাঁরা।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ার পর তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়।

এরপর ট্রাইবুনালে আবেদন করেন এই প্রবীণ দম্পতি। চলতি মাসের শুরুতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, তাঁদের আবেদন নিয়ে যথাযথ সহায়তা করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। শুনানির সময় প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছিলেন সুপ্রবুদ্ধরা। পরে ট্রাইবুনালের নির্দেশে তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলেই জানা গিয়েছিল। তবু ভোটের দিনে সেই নাম কার্যকর হয়নি বলেই অভিযোগ। এই ঘটনা সামনে আসার পর প্রশাসনিক স্তরে নড়াচড়া শুরু হয়েছে। সূত্রের খবর, সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।