পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথম দফায় বড় অশান্তির ঘটনা ঘটেনি। তাই নির্বাচন কমিশনের কাছে এখন সবচেয়ে বড় পরিক্ষা হল শেষ দফার ভোটও অবাধ ও শান্তিপূর্ণভাবে করনো। এই লক্ষ্যেই প্রস্তুত হচ্ছে নির্বাচন কমিশন। শেষ দফার আগে কাকদ্বীপে ভোটের প্রস্তুটি খতিয়ে দেখতে গিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তাঁর স্পষ্ট বার্তা, ভোট দানে বাধা দেওয়া একেবারেই বরদাস্ত করা হবে না।

 

রবিবার কাকদ্বীপে গিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মনোজ। বৈঠকে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার-সহ নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা প্রশাসনিক আধিকারিকেরা। এছাড়াও, সব রাজনৈতিক দলের প্রার্থী ও নির্বাচনী এজেন্টরাও উপস্থিত ছিলেন। মহাকুমাশাসকের অফিসে বৈঠকে নির্বাচনী প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেন। এছাড়াও, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

জানা যাচ্ছে, বৈঠকে এসবের পাশাপাশি ভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে করানোর জন্য সবরকম ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। একইসঙ্গে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও এদিনের বৈঠকে জানতে চান মনোজ। 

বৈঠক শেষে মনোজ সন্তোষ প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের বলেন, "এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য পদক্ষেপ করতে বলা হয়েছে।

" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটদানে কোনও বাধা দেওয়া হলে বা অশান্তি হলে একেবারেই তা বরদাস্ত করা হবে না। একইসঙ্গে প্রথম দফার মতো যেন ভোটের হার বেশি থাকে তা নিয়েও বার্তা দেন। তিনি বলেন, ৯০ শতাংশের বেশি যাতে ভোটদান হয় তার জন্য সবাইকে এগিয়ে আস্তে হবে। তিনি জানান, প্রত্যেক বুথে সিসিটিভি, লাইভ ফিডের ব্যবস্থা আছে। বুথের ১০০ মিটারের মধ্যে ভোটার কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। বাইক নিয়ে মাতব্বরিও বরদাস্ত করা হবে অনা। সব বুথ নজরদারির মধ্যে থাকবে।