পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথম দফায় বেশ কিছু জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছিল। এবার নির্বাচন কমিশনের নজর এবার দ্বিতীয় দফার ভোটে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে শেষ দফায় আরও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বুথের বাইরে ও ভিতরে তো বটেই, এমনকি বুথে যাওয়া আসার রাস্তাতেও সিসিটভি লাগানো হবে বলে নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। 

কমিশন সুত্রের খবর, সিসিটভি দিয়ে যেমন নজরদারি চলানো হবে তেমনিই বুথের বাইরে ড্রোণের মাধ্যেমেও নজরদারি চালানো হবে।

বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় ড্রোণের মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, শেষ দফার ভোটের আগে এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বিভিন্ন এলাকায় এদিন বুথ পরিদর্শন করেন। বুথের নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি দ্বিতীয় দফার ভোট নিয়েও কড়া বার্তা দেন তিনি। আধিকারিকের স্পষ্ট বার্তা, ভোটের সময় ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ পেলেই সেখানে পুনরায় নির্বাচন হবে। উল্লেখ্য, প্রথম দফার ভোটে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসে।
মুর্শিদাবাদের ডোমকলে ভোটারদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠে। ঘটনার জেরে প্রথম দিকে ভোট দিতে পারেননি বহু ভোটার। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের বিরুদ্ধেও নিস্ক্রিয়তার অভিযোগ উঠেছিল। এবার আর সেই ধরনের কোনও খামতি রাখতে চায়ছে না নির্বাচন কমিশন। সেই উদ্দেশ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক এই বার্তা দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, প্রথম দফায় ভোট হয়েছে রাজ্যের ১৫২ টি কেন্দ্রে। আর দ্বিতীয় দফায় ভোট রয়েছে ১৪২ টি কেন্দ্রে। অর্থাৎ প্রথম দফার থেকে কিছুটা কম আসন। তবে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সবমিলিয়ে ২,২৩১ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে আর সবচেয়ে বেশি সংখ্যায় বাহিনী তাহকবে কলকাতায়। এই সংখ্যাটি হল ২৭১ কোম্পানি।