পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে প্রথম দফার ভোটপর্ব শুরু হতেই বিভিন্ন প্রান্ত থেকে ছড়িয়ে পড়ছে অনিয়মের অভিযোগ। কোথাও ইভিএম বিকল, কোথাও আবার ভোট শুরুতে দেরি, এমন নানা সমস্যার মধ্যেই মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্রে সামনে এল গুরুতর অভিযোগ। দাবি উঠেছে, একটি নির্দিষ্ট বুথে যে প্রার্থীই বেছে নেওয়া হোক না কেন, ভোট নাকি গিয়ে পড়ছে বিজেপি প্রার্থীর প্রতীকে।

এই ঘটনাকে কেন্দ্র করে বড়ঞার অন্তর্গত গোদাপাড়া এলাকার ১৮৬ নম্বর বুথে তীব্র উত্তেজনা ছড়ায়।

অভিযোগ প্রকাশ্যে আসতেই ওই বুথে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে নির্বাচন কমিশনের তরফে পর্যবেক্ষক উজ্জ্বল সিংহ জানান, কমিশনের তত্ত্বাবধানে এমন ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তবে অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হয়েছে এবং বর্তমানে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। এই ইস্যুতে সরব হন তৃণমূল প্রার্থী প্রতিমা রজক।
তাঁর অভিযোগ, ইভিএমের চতুর্থ নম্বর বোতামে বিজেপি প্রার্থীর নাম ও প্রতীক থাকলেও ভোটাররা অন্য যে কোনও বোতাম টিপলেও তা নাকি শেষ পর্যন্ত বিজেপির ঘরেই যাচ্ছে। তাঁর কথায়, ভোট শুরুর আগে মেশিন ও ভিভিপ্যাট পরীক্ষা করে সব কিছু ঠিকঠাকই পাওয়া গিয়েছিল। কিন্তু ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই একাধিক ভোটার বুথ থেকে বেরিয়ে এসে একই অভিযোগ জানান। এমনকি তিনি দাবি করেন, তাঁর নিজের প্রতীকে বোতাম টিপলেও ভিভিপ্যাটে দেখাচ্ছে ভোট পড়ছে বিজেপির পক্ষে।
এই ঘটনার পিছনে বড় কোনও ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
অভিযোগ ছড়িয়ে পড়তেই এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন নির্বাচন কমিশনের আধিকারিক, পর্যবেক্ষক ও প্রযুক্তিগত দল। তারা ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী সুখেন কুমার বাগদি। তাঁর দাবি, সম্ভাব্য পরাজয় বুঝেই ভিত্তিহীন অভিযোগ তুলে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন প্রতিমা রজক। তাঁর কথায়, যে কোনও বোতাম টিপলে বিজেপির পক্ষে ভোট চলে যাওয়ার অভিযোগ একেবারেই অবাস্তব।