পুবের কলম ওয়েব ডেস্কঃ কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়–এর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কি না, তা নিয়ে বুধবার সকাল থেকেই তুমুল শোরগোল পড়ে যায়। নির্বাচন কমিশনের তরফে প্রথমে দাবি করা হয়,  এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা। কিন্তু সেই অবস্থানকে কার্যত চ্যালেঞ্জ করে নিজেই বিষয়টি স্পষ্ট করেন শ্রীজাত।

সামাজিক মাধ্যমে তিনি লেখেন,  তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারির খবর একেবারেই সত্য।

আপাতত এইটুকুই জানাচ্ছেন, পরে বিস্তারিত বলবেন বলেও ইঙ্গিত দেন কবি। তাঁর এই বক্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক ঘনীভূত হয়। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে হঠাৎ এই খবর সামনে আসতেই রাজ্যজুড়ে আলোচনা শুরু হয়। প্রথমদিকে কমিশন বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেও, পরে বিভিন্ন মহল থেকে অন্য ব্যাখ্যা উঠে আসে।
জানা যাচ্ছে,  ভোটের আগে যাঁদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে, তাঁদের ক্ষেত্রে দ্রুত আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ রয়েছে। সেই সূত্রেই পুরনো মামলার প্রেক্ষিতে এই পরোয়ানা জারি হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য,  কয়েক বছর আগে শ্রীজাতের লেখা 'অভিশাপ' কবিতাকে কেন্দ্র করে বড়সড় বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ ওঠে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার।

সেই সময় সামাজিক মাধ্যমে তাঁর কবিতা সরিয়ে নেওয়া থেকে শুরু করে হুমকি,  প্রতিবাদ সবই হয়েছিল। এমনকি ২০১৯ সালের লোকসভা ভোটের আগে একই অভিযোগে কৃষ্ণনগরের আদালতেও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এদিকে,  এই গ্রেফতারি পরোয়ানার খবরকে কেন্দ্র করে রাজনৈতিক অস্বস্তিও তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সকাল থেকে ফোন ও বার্তায় তিনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কেউ একজন নাকি শ্রীজাতকে ফোন করে জানিয়েছিল, পুলিশ তাঁর বাড়িতে যাচ্ছে এবং তাঁকে গ্রেফতার করা হতে পারে। বিষয়টি জানতে পেরে তিনি নিজেই কবির সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণের প্রশ্নও তোলেন তিনি এবং বিরোধীদের দিকেও আঙুল তোলেন।