পুবের কলম,ওয়েব ডেস্ক: দুর্দান্ত ভাংড়া নাচে মাতিয়ে দিলেন আফগানিস্তানের তারকা রশিদ খান। কয়েকদিন আগেই ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের প্রথম চমকটা দিয়েছিল আফগানিস্তান। আর চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ৮ উইকেটে পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তান বুঝিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটে তারাও সবাইকে সমানভাবে চ্যালেঞ্জ জানাতে এসেছে। অসাধারণ ক্রিকেট উপহার দেবার পর মাঠ জুড়ে আফগান ক্রিকেটারদের আনন্দ উদযাপন সবার মন খুশি করে দিয়েছে। বিশেষ করে আফগান স্পিনার রশিদ খান।
ম্যাচ শেষে দেখা যায় রশিদ খানকে ভাংড়া নাচতে নাচতে সঞ্চালকদের দিকে এগিয়ে যেতে। সেখানে তখন ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। রশিদ খানকে দেখে তিনিও নিজের আবেগ লুকিয়ে রাখতে পারেননি। শুরু করেন ভাংড়া নাচতে। রশিদকে বুকে জড়িয়ে ধরেন ইরফান।আরও পড়ুন:
আসলে আইপিএল খেলার সুবাদে বছরের একটা বেশিরভাগ সময় ভারতে থাকেন রশিদ খানরা। তাই ভারতীয় সংস্কৃতি সম্পর্কে তিনি দারুণ ওয়াকিবহাল। পাঞ্জাব প্রদেশের ভাংড়া নাচ রশিদের খুব প্রিয়। তাই পাকিস্তানকে হারাবার পর সেই ভাংড়াতেই ইরফানের সঙ্গে মাঠেই সেলিব্রেশনটা সেরে ফেললেন আফগান তারকা রশিদ খান। আর সেই আনন্দে শামিল থাকলেন আফগানিস্তানের সমস্ত ক্রিকেটাররা।