পুবের কলম ওয়েবডেস্ক: আঠেরো বছর পর প্রথমবার নিজেদের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল জয়ের উদ্যাপন যে এমন মর্মান্তিক পরিণতি পেতে পারে, এটা অতি বড় আরসিবি সমর্থক স্বপ্নেও ভাবতে পারেননি। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু, ৫০ জনেরও বেশি মানুষের আহত হওয়ার ঘটনায় সুর কেটেছে ট্রফি জয়ের সেলিব্রেশনে। মাঠের ভিতরে সেলিব্রেশন হয়েছে।
কিন্তু সংক্ষিপ্ত করে। যদিও তা বাইরের পরিস্থিতির জন্য নয়। অবশেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। শুধু দুঃখ প্রকাশই নয়। মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে আরসিবি টিম ম্যানেজমেন্ট।
আরসিবি তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘যে ঘটনাটি ঘটেছে সেটি মোটেও অভিপ্রেত নয়। এটি নিছকই একটি ঘটনা নয়। এটি মর্মান্তিক। উদ্বেগ ও যন্ত্রণায় ভরা এই ঘটনা। যে ১১ জন মানুষের প্রাণ চলে গিয়েছে আরসিবি পরিবার সেই চলে যাওয়া মানুষগুলির পরিবারের পাশে দাঁড়াচ্ছে ও তাদের পরিবারের জন্য আমরা ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করছি।’
শুধু তাই নয়, আহতদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে আরসিবি। তাদের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের অনুরাগীরা আমাদের শক্তি। তারা আমাদের হৃদয়ে থাকেন। এমন পরিস্থিতিতেও আমাদের ফ্যানেদের সঙ্গে একসূত্রে গেঁথে থাকতে চাই।’
এর পাশাপাশি আরসিবি আরও একটি বার্তা দিয়েছে। আরসিবি তাদের বার্তায় লিখেছে, ‘চ্যাম্পিয়ন হয়ে দল ফেরায় উন্মাদনা তৈরি হয়েছিল। গোটা বেঙ্গালুরুজুড়ে জনসমাগম হয়েছিল। কিন্তু বাইরে যে এত কিছু ঘটে গিয়েছে তা আমরা প্রথমে জানতে পারিনি। সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর মারফত আমরা বিষয়টি জানতে পেরেছি। মর্মান্তিক এই ঘটনায় আমরা সবাই মর্মাহত।’ একইসঙ্গে তারা লিখেছে, ‘ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত কর্মসূচি পালটেছি। স্থানীয় প্রশাসনের নির্দেশমতোই আমরা ব্যবস্থা করেছি।’
𝗢𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹 𝗦𝘁𝗮𝘁𝗲𝗺𝗲𝗻𝘁: 𝗥𝗼𝘆𝗮𝗹 𝗖𝗵𝗮𝗹𝗹𝗲𝗻𝗴𝗲𝗿𝘀 𝗕𝗲𝗻𝗴𝗮𝗹𝘂𝗿𝘂
The unfortunate incident in Bengaluru yesterday has caused a lot of anguish and pain to the RCB family. As a mark of respect and a gesture of solidarity, RCB has announced a financial… pic.twitter.com/C50WID1FEI
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 5, 2025






























