পুবের কলম,ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডিনহো। রবিবার রাতেই শহরে পা রেখেছেন বিশ্বজয়ী ব্রাজিলিয়ান তারকা। রাতেই তার আগমনে কলকাতা উদ্বেল হয়ে উঠেছিল। সোমবার সকালে একাধিক অনুষ্ঠানে অংশ নেন রোনাল্ডিনহো। সকালে জে ডাব্লু এস ম্যারিয়ট হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাজিলিয়ান তারকা।
আরও পড়ুন:
এরপর তিনি যান রাজারহাটে মারলিন গ্রুপের বিশেষ অনুষ্ঠানে। সেখান থেকে ফিরে এসে শ্রীভূমিতে মন্ত্রী সুজিত বসুর পুজোর উদ্বোধন করলেন তিনি। আর তার পরেই চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তার ভারতে আসার আগেই শোনা গিয়েছিল কলকাতা এসেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন রোনাল্ডিনহো। দুপুরে মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান রোনাল্ডিনহো।
আরও পড়ুন:
ব্রাজিল থেকে বিশ্বকাপ জয়ের বিশেষ জার্সিও নিয়ে এসেছিলেন তিনি। সেই জার্সিতে নিয়ে উপহার দেন মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রোনাল্ডিনহোকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। অনেকটা সময় তিনি কাটালেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তারা।
মোহনবাগানের তরফে ছিলেন সত্যজিৎ চট্টোপাধ্যায়, দেবাশীষ দত্ত।আরও পড়ুন:
ইস্টবেঙ্গল ক্লাবের তরফে উপস্থিত ছিলেন দেবব্রত সরকার। মোহামেডান ক্লাবের তরফ থেকে সেখানে ছিলেন সচিব ইশতিয়াক আহমেদ। সঙ্গে ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসও। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বের হবার সময় প্রত্যেক ক্লাবের সদস্যরা তাদের নিজস্ব ক্লাবের জার্সি উপহার দেন রোনাল্ডিনহোকে। দোভাষীর সাহায্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা চলে বিশ্বজয়ী ব্রাজিলিয়ান তারকার।