পুবের কলম ওয়েবডেস্কঃ নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রায় হারতে বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আটলান্টার বিরুদ্ধে ভালো ফুটবল খেললেও ডুবতে বসেছিল ম্যান ইউ। ধন্যবাদ মার্কাস রাশফোর্ড ও ধন্যবাদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যে ম্যাচটা আটলান্টার পক্ষে যায়নি। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়ে এসেছে ইউনাইটেড। ম্যাচের ১৫ মিনিটেই মারিও পাশালিচের গোলে এগিয়ে যায় আটলান্টা। এই সময়টায় আটলান্টার দুর্দান্ত ফুটবল নজর কাড়ে ওল্ড ট্রাফোর্ডে। ২৮ মিনিটে মেরি ডেমিরাল আটলান্টার হয়ে দ্বিতীয় গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রায় কোণঠাসা করে দিয়েছিল।
দ্বিতীয়ার্ধে তেড়ে-ফুঁড়ে ওঠার চেষ্টা করলো ম্যান ইউ। কখনো রোনাল্ডো, কখনো রাশফোর্ড দুর্দান্তভাবে উঠে আসছিলেন আটলান্টার বক্সে। তার ফলও পেল ম্যান ইউ। ৫৩ মিনিটে আটলান্টার ডিফেন্সের ভুলে বল পেয়ে যান ব্রুনো ফার্নান্দেজ। মার্কাস রাশফোর্ডকে তিনি বল বাড়ালে রাশফোর্ড তা থেকে গোল করতে ভুল করেননি। সুন্দর একটা দুর্দান্ত শর্ট আটলান্টার গোলরক্ষক সেভ না করলে সেখানেই সমতা ফিরিয়ে আনতে পারত ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু তার জন্য অপেক্ষা করতে হলো ৭৫ মিনিট পর্যন্ত । স্যঞ্চো-কাভানি জুটি অপ্রতিরোধ্যভাবে উঠে এলে কাভানির পাস থেকে গোল করে ম্যান ইউকে সমতায় ফেরালেন হ্যারি ম্যাগুয়ের। ৮১ মিনিটে দলকে রক্ষা করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফার্নান্দেজের কর্নার ক্লিয়ার হয়ে গেলেও তক্কে তক্কে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার দুর্দান্ত গোলে শেষ পর্যন্ত আটলান্টাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড।





































