পুবের কলম, ওয়েবডেস্ক: গঙ্গাসাগর যাওয়ার পথে পুরুলিয়ার কাশীপুরে তিন সাধুকে হেনস্থা করার অভিযোগ। ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ওই রাস্তা দিয়ে একটি গাড়িতে গঙ্গাসাগর যাচ্ছিলেন সাধুরা। সেই সময় আক্রমণের ঘটনা ঘটে। শুক্রবার এক বিবৃতিতে পুরুলিয়া পুলিশ জানিয়েছে,  গত বৃহস্পতিবার দুপুরে স্রেফ গুজবের বসে উত্তরপ্রদেশ থেকে আসা ওই তিন সাধুকে হেনস্থা করা হয়। এই অভিযোগেই ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, শনিবার কলকাতায় এসে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অনুরাগ ঠাকুর। পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের শিশুকল্যাণমন্ত্রী ও তৃণমূলের অন্যতম মুখপাত্র শশী পাঁজা। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ঝাড়খণ্ডের জগন্নাথ মন্দির দেখে পুরুলিয়া হয়ে গঙ্গাসাগর যাচ্ছিলেন উত্তরপ্রদেশের বরেলির তিন সাধু। যাওয়ার সময়ে পথ হারিয়ে ফেলেন তারা। সেই সময় তারা গ্রামের তিন মহিলাকে কিছু জিজ্ঞাসা করেন। এর পরেই হেনস্থার সূত্রপাত।

পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, 'তিনজন সাধু গাড়িতে করে কাশীপুর রোড ধরে ছাতনায় যাচ্ছিলেন। গৌরাঙ্গডির কাছে স্থানীয় কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তিনজন মেয়ে। সাধুরা সেখানে গাড়ি দাঁড় করিয়ে তাদের সঙ্গে কথা বলেন। ভাষাগত সমস্যার কারণে কিছুটা ভুল বোঝাবুঝি হয়। মেয়েদের মনে হয়েছিল যে সাধুরা তাঁদের অনুসরণ করছেন। তাঁরা চিৎকার করতে থাকেন।

তা শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়ে যায়'। সাধুদের ঘিরে করে দুর্গা মন্দিরের নিয়ে যান। গাড়িতে ভাঙচুর করা হয়। সাধুদের হেনস্থা করা হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। সাধুদের উদ্ধার করা হয়। একজন সাধুর অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় সব রকমের সহযোগিতা করা হয়েছে সাধুদের।